বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
পূর্ব প্রকাশের পর আজ দেখছেন; দ্বিতীয় পর্ব - নতুন আইনে কোম্পানি সেক্রেটারি নিয়োগ বাধ্যতামূলক হওয়া প্রয়োজন আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতে বাস্তবসম্মত পদক্ষেপের আহ্বান মূল্যবোধ ভিত্তিক ব্যাংক গুলোর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের পাকিস্তানকে হারিয়ে রেকর্ড দশম সাফ শিরোপা ভারতের নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ঘরে বস্তাবন্দি মরদেহ ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা
advertisement
জাতীয়

এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবাকে সম্পূর্ণ দুর্নীতি ও হয়রানিমুক্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘এনআইডি কেন্দ্রিক যে দুর্নীতি হয়, এখান থেকে আমি মুক্তি চাই। এনআইডি কেন্দ্রিক দুর্নীতি হচ্ছে না, এমন একটা পরিবেশ চাই। কীভাবে আমরা এটা নিশ্চিত করতে পারি, সে বিষয়ে আপনারা পরামর্শ দেবেন।’

বুধবার (১৮ নভেম্বর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম : বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

অনুষ্ঠানে সিইসি সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমাতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত যেকোনো আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে প্রাপ্তি স্বীকার করে আবেদনকারীকে ফিরতি বার্তা পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। 

তিনি বলেন, যেকোনো আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনকারীকে বার্তা দিয়ে জানাতে হবে যে তার আবেদন পাওয়া গেছে এবং তা প্রক্রিয়াধীন আছে। কোনো কাগজের ঘাটতি থাকলে একগাদা কাগজপত্রের তালিকা না দিয়ে কেবল প্রয়োজনীয় মৌলিক কাগজটির কথা জানানোর তাগিদ দেন তিনি।

এনআইডি সেবায় নাগরিকদের হয়রানির অভিযোগে বিব্রতবোধের কথা জানিয়ে সিইসি বলেন, প্রতিদিন যখন আমি ডাক সই করি, অন্তত হাফ ডজন আবেদন থাকে এনআইডি সংক্রান্ত যে, ‘আমি হয়রানির শিকার হচ্ছি, আমি আবেদন করেছি আজ থেকে ৬ মাস আগে বা ১০ মাস আগে বা এক বছর আগে, আমারটা কোনো নিষ্পত্তি হয় নাই’।

তিনি বলেন, আমি চাই না পত্র-পত্রিকায় আর এই শব্দটা ব্যবহৃত হোক।

সেবা দেওয়ার ক্ষেত্রে একে অপরকে দোষারোপের প্রবণতা পরিহারের আহ্বান জানিয়ে সিইসি বলেন, ‘যখনই আমি আমাদের লোকজনকে জিজ্ঞেস করি, তখন এটা এক ধরনের ব্লেম গেম হয়ে যায়। এসএসসি সার্টিফিকেট ঠিক নাই, ওপেন ইউনিভার্সিটির সার্টিফিকেট ঠিক নাই বা জন্মসনদ ঠিক নাই। ব্লেম গেম করে তো আমরা মানুষকে সেবা দিতে পারব না। আমাদের এমন একটা জায়গায় আসতে হবে, যেখান থেকে আর ব্লেম গেম চলবে না। মানুষকে সেবা দিতে হবে এবং সেটাই হচ্ছে আমাদের মূলনীতি।’

সব মানুষ শিক্ষিত ও ডিজিটাল জ্ঞানসম্পন্ন, এমনটা ধরে নেওয়া ভুল হবে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, গ্রামের অনেক বয়স্ক মানুষের এনআইডি না থাকলে তারা বয়স্ক ভাতা বা ফ্যামিলি কার্ড পান না। তাই সাধারণ মানুষের সচেতনতার মাত্রা বিবেচনা করেই সমাধান খুঁজতে হবে।

সঠিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে কীভাবে ঠিকভাবে আবেদন করতে হবে, সে বিষয়ে জনসচেতনতা বাড়াতে ব্যাপক প্রচারণা প্রয়োজন বলেও মন্তব্য করেন সিইসি। এই প্রচারণা কীভাবে চালানো যায়, তা ভেবে দেখতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্য চার নির্বাচন কমিশনার, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশাসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরা এতে অংশ নেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ