বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
পূর্ব প্রকাশের পর আজ দেখছেন; দ্বিতীয় পর্ব - নতুন আইনে কোম্পানি সেক্রেটারি নিয়োগ বাধ্যতামূলক হওয়া প্রয়োজন আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতে বাস্তবসম্মত পদক্ষেপের আহ্বান মূল্যবোধ ভিত্তিক ব্যাংক গুলোর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের পাকিস্তানকে হারিয়ে রেকর্ড দশম সাফ শিরোপা ভারতের নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ঘরে বস্তাবন্দি মরদেহ ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা
advertisement
আইন-আদালত

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন।

একইসঙ্গে, এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশিকা অনুযায়ী ঘোষিত ভর্তি পরীক্ষার সময়সূচি কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল গত ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে। আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই আবেদন চলার কথা ছিল।

চলতি বছর ৫ লাখ ৭ হাজারের বেশি পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এবার এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা এক মাসের মধ্যে ওই বিষয়ে পরীক্ষা দিতে পারবেন। তবে এই পরীক্ষার ফল পেতে পেতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সুযোগ আর থাকবে না। তাই এ নিয়ে একটি রিট দায়ের হয় হাইকোর্টে।

এ বছরে ১১টি বোর্ডে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী সংখ্যা ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। এবার ছাত্রদের চেয়ে ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার পাঁচটি ইউনিটের অধীন আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইউনিটগুলো হলো: কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট; বিজ্ঞান ইউনিট; ব্যবসায় শিক্ষা ইউনিট; চারুকলা ইউনিট এবং আইবিএ (ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট) ইউনিট।

এবারের ভর্তি পরীক্ষায় আইবিএ ইউনিট ছাড়া বাকি চারটি ইউনিটে আবেদন ফি ১৫০ টাকা করে বাড়ানো হয়েছিল। সে অনুযায়ী বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের আবেদন ফি ১ হাজার ৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা এবং চারুকলা ইউনিটের আবেদন ফি ১ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়। তবে আইবিএ ইউনিটের ফি আগের মতোই ১ হাজার ৫০০ টাকা রাখা হয়েছিল। চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী) অথবা অনলাইনে ডেবিট-ক্রেডিট কার্ড ও মোবাইল ফিন্যান্সিয়াল সেবার মাধ্যমে এই ফি জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছিল।

এদিকে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে আবেদনের ন্যূনতম যোগ্যতা অপরিবর্তিত রেখে বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের বেশ কয়েকটি বিভাগে ভর্তির শর্ত শিথিল করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আওতায় কিছু বিভাগে ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নম্বর এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় কয়েকটি বিষয়ে প্রাপ্ত ন্যূনতম গ্রেড কমানো হয়। গত ৯ নভেম্বর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ