সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
ইউসিবি ইনভেস্টমেন্টের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ তামাক ও ধূমপানমুক্ত ঘোষণা মেয়াদোত্তীর্ণ শ্যাম্পুর বোতলে পানি ঢেলে পান করায় দুই শিশুর মৃত্যু বাংলাদেশ-জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর বিগ ব্যাশে দল পেলেন মুস্তাফিজ ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা সুজাত শিমুল মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে সরকার সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত
advertisement
সারাদেশ

মেয়াদোত্তীর্ণ শ্যাম্পুর বোতলে পানি ঢেলে পান করায় দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ শ্যাম্পুর বোতলে পানি ঢেলে সেই পানি পান করায় দুই শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে পড়েছে আরেক শিশু।

রোববার (২৫ অক্টোবর) দক্ষিণ গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়নের গোলাবর গ্রামে এ ঘটনা ঘটে। দুই শিশু হলো- রাহাত বেপারীর ছেলে মাহমুদ হাসান সাজিত (৩) ও জনি বেপারীর মেয়ে হুমায়রা (৬)।

সাজিতকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় হুমায়রার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে ব্যবহারের একটি বড় শ্যাম্পুর বোতল খালি হয়ে যাওয়ার পর পরিবারের সদস্যরা সেটি আবর্জনা হিসেবে ঘরের এক কোণে রেখে দিয়েছিলেন। রোববার সকাল ১০টার দিকে সাজিত, হুমায়রা ও আরেক শিশু ওই বোতল নিয়ে খেলাধুলা করছিল। এ সময় তারা প্লাস্টিকের হাঁড়ি-পাতিল নিয়ে খেলার পাশাপাশি শ্যাম্পুর ফেনা দিয়ে সেগুলো পরিষ্কার করছিল। একপর্যায়ে বোতলে পানি ঢেলে ফেনা তৈরি করে শিশুরা। পরে ওই শ্যাম্পুমিশ্রিত পানি পান করলে তিন শিশুই গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

পরে পরিবারের সদস্যরা শিশুদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক সাজিতকে মৃত ঘোষণা করেন। অন্য দুই শিশুকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় হুমায়রার মৃত্যু হয়। অপর শিশুটি চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে বলে জানা গেছে।

পাগলা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, মেয়াদোত্তীর্ণ শ্যাম্পুমিশ্রিত পানি পান করে দুই শিশুর মৃত্যুর খবর প্রথমে পুলিশকে জানানো হয়নি। পরে রাত ১১টার দিকে সংবাদকর্মীরা ফোন করে বিষয়টি জানালে আমি ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজখবর নিই।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, দুই শিশুর মৃত্যুর বিষয়টি আমাদের নজরে এসেছে। এ ঘটনায় অভিযোগ পেয়েছি। শ্যাম্পু পান করার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ