আগামী শনিবার (১৭ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকবে। এছাড়া ২০-২২ অক্টোবর পর্যন্ত আসন্ন শারদীয় দুর্গাপূজার ছুটি থাকবে। ২২ অক্টোবর ছুটি ঘোষণার ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা। একইসাথে আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষ্যে ঘোষিত সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির ভারিখ পুনঃনির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২০ হতে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। আর আগামী ১৭ অক্টোবর তারিখে অফিস খোলা থাকবে।
প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এ সাধারণ ছুটি থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে এটি পালন করা হবে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষ্যে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি নির্ধারিত ছুটি রয়েছে। এরপরের দিন ২২ অক্টোবর অফিস খোলা থাকার কথা ছিল। পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার, যা সরকারি সাপ্তাহিক ছুটি। ২২ অক্টোবর ছুটি অনুমোদন হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।
চলতি বছর মহালয়া হবে ১০ অক্টোবর। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।