বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন পদে পদায়ন করা হয়েছে। রদবদল হওয়া কর্মকর্তাদের মধ্যে ৩ জন পূর্ণ ডিআইজি, ১২ জন অতিরিক্ত ডিআইজি এবং ৯ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
রোববার (৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক কয়েকটি প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ দেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ডিআইজি ড. মো. আক্কাস উদ্দিন ভূঁইয়াকে পুলিশ স্টাফ কলেজে, বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজে এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে ম্যাস র্যাপিড ট্রানজিটে (মেট্রোরেল পুলিশ) বদলি করা হয়েছে।
রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) শাহ মমতাজুল ইসলামকে চট্টগ্রাম আরআরএফের কমান্ড্যান্ট এবং টিডিএসের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমানকে রংপুর পিটিসি-তে পাঠানো হয়েছে। এছাড়া এসআরবি (সাবেক র্যাব) পরিচালক মো. মোশাররফ হোসেনকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।
পাশাপাশি সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে সিএমপির শেখ শরিফুল ইসলামকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, কেএমপির এম এম শাকিলুজ্জামানকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এসপি এবং বরিশাল রেঞ্জের ড. মো. সাইফুজ্জামান বিন আনোয়ারকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত করা হয়েছে। এসআরইউ-এর মোছা. শিরিন আক্তার জাহানকে পুলিশ সদরদপ্তরে, এআইজি ড. মো. মঞ্জুরে আলম প্রামানিককে ট্যুরিস্ট পুলিশে, টিডিএসের মোহাম্মদ আব্দুল হালিমকে সিআইডিতে, সিআইডির মুহাম্মদ রেজাউল মাসুদকে সাতক্ষীরা এবং মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে পদায়ন করা হয়েছে।
এসপি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে সিআইডির এ টি এম মোশাররফ হোসেন এবং ডিএমপির সৈয়দ মোহাম্মদ ফরহাদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) করা হয়েছে। পুলিশ স্টাফ কলেজের মাহবুবুল আলমকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের মোহাম্মদ হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশে, এসবির আশ্রাফুজ্জামানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডিসি এবং পিবিআই-এর ইয়াছমিন খাতুনকে এসবির এসপি করা হয়েছে।
এছাড়া পুলিশ সদরদপ্তরের এআইজি নিশাত এ্যঞ্জেলাকে টুরিস্ট পুলিশে, বরিশাল মেট্রোপলিটনের ডিসি মোহাম্মদ ইমদাদ হুসাইনকে এসআরইউ-এর এসপি, সিএমপির ডিসি কবীর আহম্মেদকে কেএমপির ডিসি এবং রংপুর রেঞ্জের এসপি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডিসি হিসেবে বদলি করা হয়েছে।