সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
advertisement
জাতীয়

বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ আবদুর রহমান খান

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত বিশ্বব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ পদে নিয়োগ পেয়েছেন সদ্য সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, মো. আবদুর রহমান খানকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনস্থ বিশ্বব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশ সংশ্লিষ্ট কন্সটিটুয়েন্সির জন্য ‘বিকল্প নির্বাহী পরিচালক’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে। 

যোগদানের তারিখ থেকে এই নিয়োগের মেয়াদ তিন বছর কার্যকর থাকবে। জনস্বার্থে জারি করা এই আদেশের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৪ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হন মো. আবদুর রহমান খান। একইসঙ্গে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন বিসিএস (কর) ক্যাডারের ১৩তম ব্যাচের এই কর্মকর্তা। ২০২৬ সালের জুন মাসে সরকারি চাকরির নিয়মিত মেয়াদ পূর্ণ হলে অবসরে যান তিনি।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে পেশাগত ডিগ্রি অর্জন করে এফসিএমএ সনদ লাভ করেন। 

সর্বশেষ পাওয়া সংবাদ