মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
Price Sensitive Information of Advanced Chemical Industries OLC চীনের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: হুমায়ুন কবির সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৫তম সভা অনুষ্ঠিত ৪৪টি হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার: সৃজিত হলো ৩৯৬টি নতুন পদ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ১১৪ শূন্যপদে নিয়োগের ছাড়পত্র প্রদান বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আইসিএসবি প্রতিনিধিদলের সাক্ষাৎ ১ অক্টোবর পর্যন্ত চলবে প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া : শিক্ষামন্ত্রী ফ্যামিলি কার্ডের ভাতা প্রতি মাসের ২০-২৫ তারিখের মধ্যে নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক ক‌রল দূতাবাস
advertisement
স্বাস্থ্য-লাইফস্টাইল

৪৪টি হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার: সৃজিত হলো ৩৯৬টি নতুন পদ

দেশের ৪৪টি জেনারেল ও জেলা সদর হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের জন্য রাজস্বখাতে অস্থায়ীভাবে ৩৯৬টি পদ সৃজন করেছে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-৪ অধিশাখা থেকে এ সংক্রান্ত সরকারি মঞ্জুরি দেওয়া হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সৃজিত ৩৯৬টি পদের মধ্যে ২৬৪টি সিনিয়র স্টাফ নার্স এবং ১৩২টি মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) পদ রয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিনিয়র স্টাফ নার্স পদে ৪৪টি হাসপাতালে ছয়টি করে মোট ২৬৪টি পদ এবং মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) পদে তিনটি করে মোট ১৩২টি পদ থাকবে।

সিনিয়র স্টাফ নার্স পদের জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতনক্রম ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা (গ্রেড-১০)। এ পদে নিয়োগ সেবা পরিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৬ এবং তৎকালীন কর্মবিধি অনুযায়ী হবে।

অন্যদিকে, মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) পদের বেতনক্রম ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা (গ্রেড-১৬)। সরাসরি নিয়োগের ক্ষেত্রে স্বীকৃত বোর্ড থেকে অন্যূন তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এইচএসসি (বিজ্ঞান) উত্তীর্ণ হতে হবে।

পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে কোনো হাসপাতালে প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

সরকারি মঞ্জুরিপত্রে উল্লেখ করা হাসপাতালগুলোর মধ্যে রয়েছে- মুন্সীগঞ্জ, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মাগুরা, বান্দরবান, কুষ্টিয়া, ঠাকুরগাঁও, জয়পুরহাট, সুনামগঞ্জ, পিরোজপুর, ঝিনাইদহ, পাবনা, বরগুনা, ভোলা, নওগাঁ, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, যশোর, লালমনিরহাট, মাদারীপুর, ঝালকাঠি, জামালপুর, নেত্রকোণা, চাঁপাইনবাবগঞ্জ, শেরপুর, মেহেরপুর, নরসিংদী, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ, পঞ্চগড়, রাজবাড়ী, শরীয়তপুর, নড়াইল, নীলফামারী, সাতক্ষীরা, মৌলভীবাজার, নাটোর, চাঁদপুর, নারায়ণগঞ্জ, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি।

মঞ্জুরিপত্রে বলা হয়েছে, অনুমোদিত পদগুলো জনবলের ক্যাটাগরি সেটআপের অন্তর্ভুক্ত হবে। পরবর্তী সময়ে হাসপাতালভিত্তিক পদ সৃজনের সময় এসব পদ সমন্বয়ের প্রস্তাব করা যাবে না।

পদ সৃজনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট হাসপাতালের সাংগঠনিক কাঠামো জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনুমোদন করিয়ে নিতে হবে। যেসব পদের নিয়োগবিধি নেই, সেসব পদের জন্য নিয়োগবিধি প্রণয়ন করতে হবে।

এ ছাড়া বিদ্যমান টিওএন্ডইতে নতুন সৃজিত পদগুলো অন্তর্ভুক্ত করে পদগুলোকে অস্থায়ী হিসেবে চিহ্নিত করতে হবে। হালনাগাদ টিওএন্ডই-এর একটি কপি অর্থ বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন সৃজিত এসব কর্মকর্তা-কর্মচারীর যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোড থেকে মেটানো হবে। একই সঙ্গে পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের আরোপিত সব শর্ত প্রযোজ্য হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ