রাজধানীর উত্তরায় নিজ বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি আবাসিক কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, দিবাগত রাত পৌনে তিনটার দিকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপতার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেননি এই পুলিশ কর্মকর্তা।
আটকের আগে একাধিকবার ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী। এসময় তার বাসার দরজার সামনে কয়েকজন পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা যায়।
এ সময় জ্যোতিকা জানান, পুলিশ কেন তার বাসায় এসেছে কিংবা তাকে কেন আটক করা হচ্ছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমাকে বিনা ওয়ারেন্টে পুলিশ ধরতে এসেছে। আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই।’
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাকে ফোন করলে থানা কিংবা ডিবি অফিসে নিজেই যেতাম। তবে আমার হাতে হাতকড়া পরাবেন না। আমি আপনাদের সঙ্গে যাচ্ছি।’ লাইভের শেষ দিকে তিনি বলেন, ‘আমি ভয় পাচ্ছি না। বাবা-মা, তোমরা ভয় পেও না।’
জ্যোতিকা জ্যোতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ২০১৬ সালে ময়মনসিংহ-৩ আসনে উপনির্বাচনে অংশ নেওয়ার জন্য দলটির মনোনয়নপত্রও কিনেছিলেন তিনি। পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকার টিকিট চেয়েছিলেন।
আওয়ামী লীগ সরকারের শেষের দিকে ২০২৩ সালের ১৪ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্বে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান জ্যোতি। জুলাই গণঅভ্যুত্থানে পটপরিবর্তনের পর সেপ্টেম্বরে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। তিনি শিল্পী ও কলাকুশলীদের নিয়ে আলোচিত ‘আলো আসবে’ গ্রুপের অ্যাডমিন ছিলেন।
উল্লেখ্য, জ্যোতিকা জ্যোতি ১৯৮৪ সালে জন্মগ্রহণ করেন। ২০০৫ সালে ‘আয়না’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়। এরপর ‘নন্দিত নরকে’, ‘রাবেয়া’, ‘জীবনঢুলী’ ও ‘অনিল বাগচীর একদিন’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি।
এ ছাড়া তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘গ্রাস’, ‘মায়া: দ্য লস্ট মাদার’, ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ এবং ‘লাল মোরগের ঝুঁটি’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই অভিনেত্রী। তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্রেকআপ’।