নরসিংদীর পলাশে ইটবোঝাই লরির ধাক্কায় সেলিম মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার ডাংগার তেপোথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম মিয়া ডাংগা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামের মিয়াজিগাঁও এলাকার মৃত আয়ুব আলীর ছেলে। সে স্থানীয় প্রাণ-আরএফএল কোম্পানির চরকা টেক্সটাইল মিলের শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে সেলিম মিয়া সাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। পরে সকাল সাড়ে ৭টায় ডাংগা-পাঁচদোনা সড়কের তেপোথা নামক এলাকায় পৌঁছলে ইট বোঝাই একটি ট্রলি সেলিমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়| পরে সড়কের পাশে ট্রলি ফেলে রেখে পালিয়ে যান চালক।
পলাশ থানার উপপরিদর্শক (এসআই) মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়দানতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।