নরসিংদীর রায়পুরায় টানা অতিবৃষ্টির কারণে মাটির ঘরের দেয়াল ধসে তানঝুমা আক্তার (৮) নামে এক শিশুরে মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের মরজাল মাইজপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রায়পুরা থানার ওসি মো: মজিবুর রহমান।
নিহত তানঝুমা ওই এলাকার আপেল মিয়ার মেয়ে এবং স্থানীয় মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরে তানঝুমা। এ সময় বাড়ির পাশে থাকা চালবিহীন একটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল টানা ভারী বর্ষণের কারণে হঠাৎ ধসে তার ওপর পড়ে| এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মরজাল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য আছমা বেগম জানান, মাটির ঘরের দেয়াল ধসে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি আরও জানান, নিহত শিশুর বাবা বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন। তিনি বাড়িতে ফিরলে তানঝুমার দাফন সম্পন্ন করা হবে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে| পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।