২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের বড় টুর্নামেন্টগুলোর সম্ভাব্য সূচি ও সময়সীমা অনুমোদন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত বৈঠকের পর এই সিদ্ধান্তের ফলে খেলোয়াড় ও সদস্য দেশগুলোর জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা সহজ হবে।
ঘোষিত সূচিতে রয়েছে, আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ, পুরুষ ক্রিকেট বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের একাধিক আসর। ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে এই সূচি শুরু হবে।
দীর্ঘমেয়াদি সূচির গুরুত্ব তুলে ধরে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্ত বলেছেন, বৈশ্বিক ক্রিকেট কাঠামোকে আরও শক্তিশালী করতে এবং খেলোয়াড় ও সদস্য বোর্ডগুলোকে পরিকল্পনার সুযোগ করে দিতে এই সূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গুপ্ত বলেন, ‘আইসিসির টুর্নামেন্ট আয়োজন ও সূচি বৈশ্বিক ক্রিকেট কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ। এগুলো ক্রিকেটীয় পরিমন্ডলে বাড়তি প্রেক্ষাপট, প্রতিদ্বন্দ্বীতা ও গুরুত্ব যোগ করে। এসব টুর্নামেন্ট সমর্থক ও খেলোয়াড়দের জন্য বিশেষ মুহূর্ত তৈরি করে। একই সঙ্গে এর সঙ্গে যুক্ত বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতা বিশ্বজুড়ে ক্রিকেটের বিস্তার, আকাঙ্খা ও অংশগ্রহণের সুযোগ বাড়ায়।’
তিনি আরও বলেন, ‘খেলোয়াড় ও সদস্য সংস্থাগুলোকে এসব আয়োজন সম্পর্কে দীর্ঘমেয়াদি ধারণা দেওয়ার গুরুত্বও আমরা বুঝি। এর ফলে খেলোয়াড় তৈরির উন্নত পথ, সুনির্দিষ্ট উচ্চ পারফরম্যান্স কর্মসূচি এবং সুসংগঠিত সূচি প্রণয়ন করা সম্ভব হবে।’
২০২৮ সালের আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। টুর্নামেন্টটি চলবে ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত। এরপর ২০৩০ সালের আসর যৌথভাবে আয়োজন করবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। ওই আসর অনুষ্ঠিত হবে ৪ জুলাই থেকে ৪ আগস্ট। পরবর্তী আসর দুটি হবে ২০৩২ ও ২০৩৪ সালে। তবে সেগুলোর আয়োজক এখনো ঘোষণা করা হয়নি।
৫০ ওভারের বিশ্বকাপের ক্ষেত্রে ২০২৭ সালের আসর অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। এরপর ২০৩১ সালে উপমহাদেশে ফিরবে এই টুর্নামেন্ট। ওই আসর যৌথভাবে আয়োজন করবে ভারত ও বাংলাদেশ। প্রতিযোগিতাটি চলবে ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত।
২০৩৫ সালের বিশ্বকাপও সূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই বছরের অক্টোবর-নভেম্বর সময়ে টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে আয়োজক দেশ বা দেশগুলোর নাম এখনো নিশ্চিত করা হয়নি।
এদিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দুই বছর পরপর অনুষ্ঠিত হওয়ার ধারাবাহিকতা বজায় রাখবে। জুন মাসে হবে এই টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ। ২০২৯ ও ২০৩১ সালের ফাইনাল আয়োজন করবে ইংল্যান্ড। যথাক্রমে ৮-১২ জুন এবং ১২-১৬ জুন অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। ২০৩৩ ও ২০৩৫ সালের ফাইনালের আয়োজক এখনো ঘোষণা করা হয়নি।
২০২৯ সালে ফিরছে আইসিসি পুরুষ চ্যাম্পিয়নস ট্রফি। ৯ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত টুর্নামেন্টটি আয়োজন করবে ভারত। পরবর্তী আসর হবে ২০৩৩ সালের অক্টোবরে। তবে সেই আসরের আয়োজক এখনো নিশ্চিত হয়নি।
আইসিসির সর্বশেষ এই ঘোষণার ফলে আগামী এক দশকের আন্তর্জাতিক ক্রিকেট সূচি সম্পর্কে সদস্য বোর্ডগুলো আরও স্পষ্ট ধারণা পাবে। এতে বৈশ্বিক টুর্নামেন্টের সঙ্গে সমন্বয় করে ঘরোয়া প্রতিযোগিতা, খেলোয়াড় উন্নয়ন এবং উচ্চ পারফরম্যান্স কর্মসূচি পরিকল্পনা করা সহজ হবে।
বর্তমানে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা দক্ষিণ আফ্রিকার দখলে। আর পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন ভারত।