বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
খেলাধুলা

হৃদয়ের রেকর্ডের ম্যাচে দ্বিতীয় টেস্ট ড্র, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের ঐতিহাসিক ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ৮২ রান করেছেন তাওহিদ হৃদয়। মুশফিকুর রহিমের সাথে হৃদয়ের ব্যাটিং দৃঢ়তায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ড্র করেছে বাংলাদেশ।

আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৮৪ রান। দুই ম্যাচের সিরিজে সমতা ফেরাতে স্বাগতিকদের সামনে জয়ের লক্ষ্য ছিল ৩৬৯ রান, যা ছিল অনেকটাই অসম্ভব ছিল। এই ড্রয়ের ফলে সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টে আট উইকেটের জয় পেয়েছিল ক্যারিবীয়রা।

একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ইতিহাস গড়েছেন হৃদয়। প্রথম ইনিংসে তাঁর ক্যারিয়ারসেরা অপরাজিত ২৪২ রানের পর দ্বিতীয় ইনিংসে ৮২ রান করেন তিনি। হৃদয়ের ব্যাটিংয়ে ভর করে প্রথম ইনিংসে বাংলাদেশ ৩০ রানের লিড পেয়েছিল।

শেষ দিনে আড়াই সেশনের বেশি সময় হাতে নিয়ে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। জোমেল ওয়ারিকানের জোড়া আঘাতে ৪০ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ২১ রান করে ক্যাচ দিয়ে ফেরেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এলবিডব্লিউ হন ১৪ রানে।

বাংলাদেশকে চাপে ফেলে সিরিজে জয়ের সম্ভাবনা দেখছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে হৃদয় ও মুশফিকুর রহিমের দৃঢ়তায় সেই আশা শেষ হয়ে যায়। তৃতীয় উইকেটে দুজন যোগ করেন ১৩৫ রান।

হৃদয় আক্রমণাত্মক ও সাবলীল ব্যাটিংয়ে ক্যারিবীয় বোলারদের চাপে রাখেন। অন্যদিকে ধৈর্য ও সংযমের পরিচয় দিয়ে দলকে লড়াইয়ে টিকিয়ে রাখেন মুশফিক। তাঁদের এই জুটি কার্যত ওয়েস্ট ইন্ডিজের সিরিজে হোয়াইট ওয়াশের স্বপ্ন শেষ করে দেয়।

শেষ সেশনে হৃদয়কে ফিরিয়ে জুটি ভাঙেন ওয়ারিকান। ৪৪ রানে ৩ উইকেট নিয়ে ইনিংস শেষ করেন তিনি। এরপর মুশফিককে আউট করেন শামার জোসেফ। ৪৯ রান করে ফেরার আগে দলের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন অভিজ্ঞ এই ব্যাটার।

এই ইনিংসের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক।

খেলা শেষ হওয়ার সময় লিটন দাস ৭ ও মেহেদী হাসান মিরাজ ১ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৮৪ রান।

এর আগে শেষ দিনের শুরুতে আগের দিনের ৩ উইকেটে ৩৪৫ রান থেকে দ্বিতীয় ইনিংস ৬ উইকেটে ৩৯৮ রানে ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। এতে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রান।

আগের দিন অপরাজিত থাকা কাভেম হজ ২ রান যোগ করে ১৪২ রানে আউট হন। আমির জাঙ্গু অপরাজিত থাকেন ৩৯ রানে। প্রথম ইনিংসে ১৩৩ রান করেছিলেন জাঙ্গু।

বাংলাদেশের স্পিনাররা ওয়েস্ট ইন্ডিজের ছয়টি উইকেট ভাগাভাগি করে নেন। তাইজুল ইসলাম, নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন।

এর আগে প্রথম ইনিংসে হাসান মাহমুদের দুর্দান্ত ৬ উইকেট শিকারের সুবাদে ৩৫৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে হৃদয়ের অপরাজিত ২৪২ রানের ওপর ভর করে ৩৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। 

▐ সর্বশেষ পাওয়া সংবাদ