বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা।
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলটি বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের এই সিরিজটি খেলবে হাইভেল্ডের দুটি জনপ্রিয় ভেন্যুতে।
সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৫ নভেম্বর জোহানেসবার্গের ডিপি ওয়ার্ল্ড ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। ম্যাচটি চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। এরপর ২৩ থেকে ২৭ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
বাংলাদেশ সিরিজকে সামনে রেখে প্রোটিয়া স্কোয়াডে এসেছে বেশ কিছু পরিবর্তন। হ্যামস্ট্রিংয়ের পুরোনো চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে মাঠের বাইরে থাকতে হয়েছিল ব্যাটার টনি ডি জর্জিকে। তিনি সুস্থ হয়ে আবারও দলে ফিরেছেন। পাশাপাশি স্কোয়াডে ডাক পেয়েছেন জুবায়ের হামজাও। ব্যাটিং বিভাগে এই দুই ক্রিকেটারের অন্তর্ভুক্তি দক্ষিণ আফ্রিকার শক্তি বাড়াবে।
অন্যদিকে, প্রোটিয়াদের গতিঝড় তুলতে পেস আক্রমণে ফিরেছেন আনরিখ নরকিয়া। কুঁচকির চোটে পড়ে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকার পর ফিট হয়েই দলে জায়গা করে নিয়েছেন এই ফাস্ট বোলার। কাগিসো রাবাদা ও নরকিয়ার সঙ্গে পেস বিভাগে আরও থাকছেন ডেন প্যাটারসন, অলরাউন্ডার করবিন বশ, মার্কো ইয়ানসেন এবং ভিয়ান মুল্ডার।
তবে চোট থেকে পুরোপুরি সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় এই সিরিজে দলের বিবেচনায় আসেননি অভিজ্ঞ পেসার লুঙ্গি এনগিডি।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: তেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কোস অ্যাকারম্যান, ম্যাথুউ ব্রিটজকি, করবিন বোচ, টনি ডি জর্জি, সাইমন হার্মার, জুবাইর হামজা, মার্কো জানসেন, কেশাভ মাহারাজ, আইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, আনরিক নরকিয়ে, ডেন পিটারসন, কাগিসো রাবাদা ও রায়ান রিকেলটন।