শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
খেলাধুলা

আফগানদের কাছে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালের স্বপ্ন ভঙ্গ

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার সমীকরণটা আগেই কঠিন হয়ে গিয়েছিল টাইগারদের জন্য। ফাইনালের টিকিট পেতে হলে আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে অলআউট করতে হতো বাংলাদেশের। কিন্তু ১৬০ রানের পুঁজি নিয়ে সেই অসম্ভবকে সম্ভব করতে পারলেন না তাওহিদ হৃদয়ের দল। শারজাহতে আফগানিস্তানের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে সিরিজ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।

অন্যদিকে, বাংলাদেশকে বিদায় করে দিয়ে ফাইনালে জিম্বাবুয়ের মুখোমুখি হওয়া নিশ্চিত করেছে আফগানরা।

এর আগে জিম্বাবুয়ের বিরুদ্ধে হার দিয়ে সিরিজ শুরু করা বাংলাদেশ আজ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু ব্যাটারদের চরম ব্যর্থতায় ৪১.২ ওভারেই মাত্র ১৬০ রানে গুটিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। ২৮ রানেই চার শীর্ষ ব্যাটারকে হারিয়ে দল যখন ঘোর বিপদে, তখন বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তোলেন ওপেনার পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসান।

পঞ্চম উইকেটে ইমন ও সাইফ ৯৩ রানের এক লড়াকু পার্টনারশিপ গড়ে তোলেন। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেন ইমন, যা সাজানো ছিল ৫টি চার ও ২টি ছক্কায়। সাইফের ব্যাট থেকে আসে ৪১ রান। তবে এই দুজন আউট হওয়ার পর আর কেউ দাঁড়াতে না পারায় সংগ্রহ বড় হয়নি। আফগান লেগ-স্পিনার রশিদ খান ৩১ রান খরচায় ৪টি উইকেট নেন। এছাড়া পেসার আজমাতুল্লাহ ওমরজাই ও ইয়ামিস আহমেদজাই পান ২টি করে উইকেট।

১৬১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনার পরও তাসকিন আহমেদের গতিতে কিছুটা চাপে পড়েছিল আফগানিস্তান। দলীয় ৩৯ রানে দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও সেদিকুল্লাহ আটালকে পরপর বোল্ড করে ম্যাচে কিছুটা রোমাঞ্চ ফেরান তাসকিন।

তবে সেই চাপ সহজেই সামলে নেন অধিনায়ক রহমত শাহ ও হাসমাতুল্লাহ শাহিদী। রহমত শাহর অপরাজিত ৬৭ এবং শাহিদীর অপরাজিত ৩৬ রানের ওপর ভর করে ৮৭ বল হাতে রেখেই মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান।

এই হারের মাধ্যমে আফগানিস্তানের বিরুদ্ধে টানা পাঁচ ওয়ানডে ম্যাচে পরাজয়ের তেতো স্বাদ পেল বাংলাদেশ। আগামী পরশু সিরিজের ফাইনালে মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ