রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
খেলাধুলা

আফগানিস্তান সিরিজে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা, ফিরলেন হৃদয়-জাকের আলী

প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ড ট্রিপল সেঞ্চুরির সুবাদে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের বাংলাদেশ দলে ফিরেছেন ব্যাটার তাওহীদ হৃদয়। চলতি মাসের শুরুর দিকে পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে চার দিনের ম্যাচে রেকর্ড ৩৫০ রানের ইনিংস খেলেন হৃদয়।

প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো বাংলাদেশি ব্যাটারের এটিই সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।

চলতি বছরের শুরুতে জিম্বাবুয়ে সফরে টেস্ট অভিষেক হয় হৃদয়ের। ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে না পারায় জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি। দল থেকে বাদ পড়ার পর ব্যাট হাতে জ্বলে ওঠেন ২৪ বছর বয়সি হৃদয়। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে আবারও টেস্ট দলে জায়গা করে নিয়েছেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে টেস্টটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও একমাত্র ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।

মুশফিকুর রহিম, মোমিনুল হক, মেহেদি হাসান মিরাজ ও লিটন দাসের পাশাপাশি হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলামকেও দলে রাখা হয়েছে।

সর্বশেষ সিরিজের দল থেকে অমিত হাসান বাদ পড়লেও বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। 

রিজার্ভ সদস্য হিসেবে দলের সঙ্গে রাখা হয়েছে স্পিনার নাঈম হাসান, পেসার মুশফিক হাসান এবং ইকবাল হোসেন ইমনকে। সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। 

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম।

ট্রাভেলিং রিজার্ভ : নাঈম হাসান, মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন।

সর্বশেষ পাওয়া সংবাদ