সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
advertisement
খেলাধুলা

চোট কাটিয়ে ইয়ামালের রূপকথা

সৌদি আরবকে গোলবন্যায় ভাসালো স্পেন

দীর্ঘ দুই মাসের হ্যামস্ট্রিং চোট কাটিয়ে দুর্দান্তভাবে মাঠে ফিরলেন লামিন ইয়ামাল। তার গোলেই বিশ্বকাপে স্পেনের আক্রমণভাগের দীর্ঘদিনের গোলখরা কাটল। রোববার (২১ জুন) সৌদি আরবকে ৪-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ ‘এইচ’-এর শীর্ষে উঠে এসেছে লুইস ডি লা ফুয়েন্তের শিষ্যরা।

বিশ্বকাপের প্রথম ম্যাচে নবাগত কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করে সমালোচনার মুখে পড়েছিল শিরোপার অন্যতম দাবিদার স্পেন। সেই ম্যাচে বলের দখলে আধিপত্য থাকলেও আক্রমণভাগে ছিল চরম জড়তা। তবে গতকাল ইয়ামালের প্রত্যাবর্তনে সেই চিত্র পুরো উল্টে গেল। ম্যাচের ১০ মিনিটেই লক্ষ্যভেদ করে স্পেনের গোলের প্রতীক্ষার অবসান ঘটান বার্সেলোনার এই ১৮ বছর বয়সী সেনসেশন। ওয়ারজাবালের নিচু ক্রসে ইয়ামালের নিখুঁত ফিনিশিংয়ে স্তব্ধ হয়ে যায় সৌদি রক্ষণভাগ।

ইয়ামালের গোলের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি স্পেনকে। ২৪ মিনিটের মধ্যেই মিকেল ওয়ারজাবালের জোড়া গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ইউরো চ্যাম্পিয়নরা। কর্নার থেকে আয়মেরিক লাপোর্তের হেডে ওয়ারজাবাল ব্যবধান দ্বিগুণ করেন। এর তিন মিনিট পরেই ডানি ওলমোর হেড থেকে আসা বল ভলিতে জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোলটি পূর্ণ করেন তিনি। জাতীয় দলের জার্সিতে শেষ ১৩ ম্যাচে এটি তার ১৪তম গোল।

কোচ লুইস ডি লা ফুয়েন্তে তার তরুণ তারকা ইয়ামালের খেলার সময় নিয়ে ছিলেন বেশ সতর্ক। বিরতির পরপরই তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। তাতেও অবশ্য স্পেনের আক্রমণের ধার কমেনি। দ্বিতীয়ার্ধে মার্ক কুকুরেলার শট সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়েসিস ঠেকালেও, ফিরতি বল দুর্ভাগ্যজনকভাবে ডিফেন্ডার হাসান আল-তামবাকতির গায়ে লেগে জালে জড়িয়ে যায়। ফলে ৪-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।

নিজের ৬৫তম জন্মদিনে শিষ্যদের এমন দাপুটে পারফরম্যান্স কোচ ডি লা ফুয়েন্তের জন্য ছিল এক দারুণ উপহার। দীর্ঘ চোট কাটিয়ে এদিন বদলি হিসেবে মাঠে ফেরার সুযোগ পেয়েছেন নিকো উইলিয়ামস ও মিকেল মোরিনোও।

এদিকে, টানা দুই ম্যাচে নিষ্প্রভ পারফরম্যান্সে এখন বেশ চাপে সৌদি কোচ গিওর্গিওস ডোনিস। নকআউট পর্বে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখতে শেষ ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প নেই ‘অ্যারাবিয়ান ফ্যালকন্স’দের সামনে।

অন্যদিকে, আগামী শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে স্পেন।

সর্বশেষ পাওয়া সংবাদ