বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
শিরোনাম
চার কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিংয়ের মধ্যে সমঝোতা স্বারক যশোর সীমান্তে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার, আটক ১ ট্রাম্পের বলরুম নির্মাণ ব্যয় বেড়ে ৬০০ মিলিয়ন ডলার স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ মাদক-ধর্ষকের পক্ষে তদবির করলে নিজ দলের নেতাদেরও হাজতে পাঠানো হবে : আইনমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬০তম পর্ষদ সভা অনুষ্ঠিত জনগণের টাকা আর পাচার হতে দেব না, পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান: প্রধানমন্ত্রী ৩ ব্রোকারেজ হাউজকে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান
advertisement
খেলাধুলা

ক্লোসার রেকর্ডে ভাগ বসিয়ে মেসির হ্যাটট্রিক

আলজেরিয়াকে উড়িয়ে আর্জেন্টিনার শুভসূচনা

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই লিওনেল মেসির জাদুতে দুর্দান্ত জয় দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা, যার তিনটি গোলই এসেছে অধিনায়ক মেসির পা থেকে।

বুধবার (১৭ জুন) কানসাস সিটির চিলড্রেনস মার্সি পার্কে রেকর্ডময় এক হ্যাটট্রিকে পুরো ম্যাচ একাই নিয়ন্ত্রণে রাখেন এই আর্জেন্টাইন জাদুকর।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। পঞ্চম মিনিটেই আলজেরিয়ার জালে বল জড়িয়েছিলেন লিওনেল মেসি, তবে অফসাইডের কারণে তা বাতিল হয়। অষ্টম মিনিটে একই ভাগ্য বরণ করতে হয় আলজেরিয়াকেও। ফারেস শাইবি গোল উদযাপনে মেতে উঠলেও ভিএআর (VAR)-এর সাহায্যে অফসাইডের সিদ্ধান্তে তা নাকচ হয়ে যায়।

অবশেষে ম্যাচের ১৭তম মিনিটে ডেডলক ভাঙেন মেসি। রদ্রিগো ডি পলের নিখুঁত পাস আলজেরিয়ার রক্ষণভাগ ভেদ করে খুঁজে নেয় আর্জেন্টাইন অধিনায়ককে। চমৎকার এক কোণাকুণি শটে বল জালে জড়িয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি।

এক গোলের লিড নিয়ে বিরতিতে যাওয়ার পর, দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে আর্জেন্টিনা। ৬০তম মিনিটে আলজেরিয়ার রক্ষণভাগের এক মারাত্নক ভুল কাজে লাগিয়ে ঠান্ডা মাথায় নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন মেসি।

এরপর ৮০তম মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। এক কাউন্টার অ্যাটাক থেকে বক্সের ভেতর বল পেয়ে নিচু ও নিখুঁত শটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। ক্যানসাস সিটির গ্যালারি মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে। ৩-০ ব্যবধান নিশ্চিত করার পর পরই ৮০তম মিনিটেই মেসিকে মাঠ থেকে তুলে নেন কোচ। এ সময় পুরো স্টেডিয়ামের দর্শক দাঁড়িয়ে এই খুদে জাদুকরকে করতালির মাধ্যমে অভিবাদন জানান।

আলজেরিয়ার বিপক্ষে এই ম্যাচ দিয়ে ফুটবল ইতিহাসে একাধিক নতুন রেকর্ড গড়লেন লিওনেল মেসি।

৬টি বিশ্বকাপে খেলার কীর্তি: ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে খেলার অনন্য রেকর্ড গড়লেন মেসি।

মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ: এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপে নিজের মোট গোল সংখ্যা ১৬-তে নিয়ে গেলেন মেসি। ফলে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার পাশে যৌথভাবে শীর্ষে বসলেন তিনি।

পুরো ম্যাচজুড়ে বল দখল, পাসিং ও আক্রমণে আলজেরিয়াকে কোনো সুযোগই দেয়নি আর্জেন্টিনা। দাপুটে এই জয়ে আলবিসেলেস্তেরা জানান দিল, ট্রফি ধরে রাখতেই এবার মাঠে নেমেছে তারা।

 

 

সর্বশেষ পাওয়া সংবাদ