মঙ্গলবার, ০২ জুন ২০২৬
মঙ্গলবার, ০২ জুন ২০২৬
শিরোনাম
advertisement
জাতীয়

রাশিয়ায় ৩০ যুবককে পাঠিয়ে প্রতারণা:

৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্ত

উচ্চ বেতন ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে ৩টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

সোমবার (১ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

শাস্তির আওতায় আসা লাইসেন্সধারী এজেন্সিগুলো হলো— আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮), জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫)।

এ বিষয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, "দেশের নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলা এবং প্রতারণামূলকভাবে বিদেশে পাঠানোর মতো জঘন্য অপরাধের সাথে জড়িত কোনো চক্র, সংস্থা বা ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না। কোনো এজেন্সির অসততার জন্য আমাদের বৈদেশিক কর্মসংস্থান খাত ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যায় না। ভবিষ্যতে এই ধরনের অপরাধ প্রতিরোধে তদারকি আরও জোরদার করা হবে।"

মন্ত্রী আরও জানান, রাশিয়ায় প্রতারণার শিকার হওয়া এই ৩০ বাংলাদেশিকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক চ্যানেলে ইতিমধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। ভুক্তভোগীদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মস্কোয় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতকে তাৎক্ষণিকভাবে টেলিফোনে বিশেষ নির্দেশনাও দিয়েছেন মন্ত্রী।

এদিকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশ গমনেচ্ছু নাগরিকদের উদ্দেশ্যে আবারও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। যেকোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আর্থিক লেনদেন করার আগে এজেন্সির বৈধতা ও কাজের শর্তসমূহ ভালোভাবে যাচাই করে নেওয়ার জন্য পুনরায় আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

সর্বশেষ পাওয়া সংবাদ