মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
আইন-আদালত

আ.লীগ নেতাকে হত্যায় বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আশরাফ আলী (৫৮) হত্যার ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) নিহতের ছেলে মো. ইয়াকুব আলী বাদী হয়ে এনায়েতপুর থানায় মামলাটি করেন। আশরাফ আলী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন শাখার দপ্তর সম্পাদক ছিলেন।

নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ভাঙ্গাবাড়ি গ্রামের বাসিন্দা রইস উদ্দিন বেপারি (৪০), এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদার (৩০), আজগড়া পাইকরতলা গ্রামের মো. খাজানুর (৩৪), গোপরেখী গ্রামের হযরত আলী (৩২), খামারগ্রামের কলেজপাড়া এলাকার সেলিম হোসেন (৩২), ভাঙ্গাবাড়ি গ্রামের মো. সোনামিয়া (৩২), দৌলতপুর দক্ষিণপাড়ার মো. মোস্তফা (৩৫) ও গোপরেখী গ্রামের মো. ইয়াহিয়া (৩২)।

মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এনায়েতপুর থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিনকে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর রাত ১০টার দিকে এনায়েতপুর থানার গোপরেখী ফুটানি মার্কেটে ইয়ামিনের দোকান থেকে পান কিনে বাড়ি ফিরছিলেন আশরাফ আলী। পথে এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন মোটরসাইকেলে এসে তাঁর ওপর হামলা চালায়। একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে চলে যায় হামলাকারীরা।

গুরুতর আহত অবস্থায় আশরাফ আলীকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোররাতে তাঁর মৃত্যু হয়।

মামলার বাদী ইয়াকুব আলী অভিযোগ করেন, মামলা না করার জন্য হত্যাকাণ্ডের পর থেকে আসামিপক্ষের লোকজন তাঁদের পরিবারকে হুমকি দিয়ে আসছিল। তিনি পরিবারের সদস্য ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁর বাবার হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।

এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহায়মিনুল ইসলাম বলেন, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ