বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
আন্তর্জাতিক

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অগ্রগতির প্রশংসা করলেন বাইডেন

ইমা এলিস, নিউ ইয়র্ক: ঢাকার সঙ্গে তাদের স্থায়ী অংশীদারিত্বের কথা উল্লেখ করে গত ৫০ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অসাধারণ অগ্রগতির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস। ২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে আমি বাংলাদেশের সাথে আমাদের স্থায়ী অংশীদারিত্বের বিষয়টিকে গুরুত্বের সাথে স্মরণ করতে চাই।

সাম্প্রতি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের পরিচয়পত্র গ্রহণকালে এক লিখিত মন্তব্যে তিনি একথা বলেন। ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করার সময় রাষ্ট্রদূত ইমরান মার্কিন প্রেসিডেন্টকে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা জানান।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে জো বাইডেন বলেন, দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের জন্য মার্কিন প্রশাসন তার সাথে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছেন।

তিনি বলেন, “আমার প্রশাসন দুদেশের সম্পর্ককে আরও গভীর করার জন্য আপনার সাথে কাজ করার জন্য আগ্রহী, কারণ আমরা আগামীর সুযোগ এবং চ্যালেঞ্জ মোকাবেলা করব। ওয়াশিংটনে আপনাকে স্বাগত জানাতে পেরে আনন্দিত”।

মার্কিন প্রেসিডেন্ট তার লিখিত মন্তব্যে গত ৫০ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ‘একটি অসাধারণ গল্প’ হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, মানবিক, উদ্বাস্তু, জাতিসংঘ শান্তিরক্ষা, এবং সন্ত্রাস দমন, সামুদ্রিক এবং অন্যান্য নিরাপত্তা ইস্যুতে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে।

জো বাইডেন বলেন, বাংলাদেশ তার বৃহত্তর কৃষিভিত্তিক অর্থনীতিকে একটি আঞ্চলিক অর্থনৈতিক শক্তিতে প্রসারিত করেছে যা বৈশ্বিক সাপ্লাই চেইনে একটি প্রধান অংশগ্রহণকারী হতে প্রস্তুত।

তিনি বলেন, “আমি আশা করি আমাদের দেশগুলি গণতান্ত্রিক শাসন, জলবায়ু পরিবর্তন, শরণার্থী এবং সামুদ্রিক নিরাপত্তা নিয়ে কাজ চালিয়ে যাবে। আমরা বাংলাদেশের সাফল্যে বিনিয়োগ করছি এবং সমস্ত বাংলাদেশিদের স্বাধীনভাবে অংশগ্রহণ করার এবং তাদের দেশের উন্নয়নে অবদান রাখার ক্ষমতাকে সমর্থন করি”।

প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উদারতার প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা এই উদ্বাস্তু ও তাদের আশ্রয়দাতা সম্প্রদায়কে সহায়তা এবং তাদের অধিকার রক্ষায় বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই মানবিক সংকটের টেকসই ও স্থায়ী সমাধান খুঁজতে প্রতিশ্রুতিবদ্ধ।

কোভিড-১৯ মহামারী বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, কোভিড-১৯ গ্লোবাল অ্যাকশন প্ল্যানের আওতায় বৈশ্বিক মহামারী মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। তিনি বলেন, “আমরা সামনের মাস এবং বছরগুলিতে আমাদের ক্রমবর্ধমান অংশীদারিত্ব প্রসারিত করতে প্রতিশ্রুতিবদ্ধ” ।

করোনভাইরাস মহামারীর পরে প্রথমবারের মতো হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নবনিযুক্ত রাষ্ট্রদূতদের ব্যক্তিগতভাবে পরিচয়পত্র গ্রহণ করেন। বাংলাদেশের রাষ্ট্রদূত ইমরানসহ বিভিন্ন দেশের 10 জন রাষ্ট্রদূত এই পরিচয়পত্র পেশ করেন।

হোয়াইট হাউজ থেকে ফেরার পর রাষ্ট্রদূত ইমরান বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ