বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের যৌথ উদ্যোগ: ঢাকায় চালু হলো ‘জেনেসেন কর্নার’ ডিআইইউর সঙ্গে প্রাইম ব্যাংকের স্বাক্ষর,এমপাওয়ারিং ইয়ুথ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব দেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো ওয়ালটনের ৭ লাখ ৮০ হাজার শেয়ার ইস্যুর অনুমতি দিল বিএসইসি বিকন ফার্মার উদ্যোক্তা পরিচালকের শেয়ার গ্রহণের ঘোষণা ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা - ইতিহাস গড়ে মিস ইউনিভার্স হলেন জেনিফার হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর চুয়াডাঙ্গায় বিল পাহারাদারকে কুপিয়ে হত্যা, এলাকায় আতঙ্ক ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি
advertisement
বিনোদন

৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা

ইতিহাস গড়ে মিস ইউনিভার্স হলেন জেনিফার

৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিশ্বের ১১৬ প্রতিযোগীকে নিয়ে শুরু হওয়া এবারের আসরে মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন স্বাগতিক দেশ পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো। দীর্ঘ প্রতীক্ষার পর দেশের মাটিতে এমন অর্জনে আনন্দে ভাসছেন জেনিফার। তাঁর এই জয়ে নতুন করে উদ্‌যাপনে মেতেছে পুয়ের্তো রিকো। অন্যদিকে, শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েও মুকুট জিততে পারেননি ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্সের ৭৫তম আসরের গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকালে শেষ হয় জমকালো এই আয়োজন। বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে অংশ নেওয়া ১১৬ প্রতিযোগীর মধ্য থেকে কয়েক ধাপের বাছাই শেষে চূড়ান্ত পর্বে জায়গা করে নেন পাঁচ সুন্দরী।

চূড়ান্ত পর্বে বিচারকদের প্রশ্নের উত্তর, আত্মবিশ্বাস এবং মঞ্চে উপস্থিতির মাধ্যমে নিজেদের যোগ্যতা তুলে ধরেন প্রতিযোগীরা। সবকিছু বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত বিজয়ীর মুকুট ওঠে স্বাগতিক পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটোর মাথায়। নিজের দেশের দর্শকদের সামনে এই সম্মান অর্জন তাঁর জয়কে আরও বিশেষ করে তুলেছে।

ভেনেজুয়েলার প্রখ্যাত জুয়েলারি ডিজাইনার জর্জ উইটেলসের নকশা করা ‘দ্য রেডিয়েন্স অব ইটারনাল লিগ্যাসি’ শীর্ষক মুকুটটি অর্জন করেছেন জেনিফার, যাতে ৩ হাজার ১৫০টি হীরা খচিত রয়েছে। এর মধ্য দিয়ে নিজেদের দেশের মাটিতেই ষষ্ঠবারের মতো মিস ইউনিভার্সের শিরোপা ঘরে তুলল পুয়ের্তো রিকো।

জেনিফারের এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ দুই দশক পর ষষ্ঠবারের মতো মিস ইউনিভার্সের মুকুট ঘরে তুলল পুয়ের্তো রিকো। এর আগে দেশটির হয়ে ১৯৭০ সালে মারিসল মালারেট, ১৯৮৫ সালে ডেবোরা কার্থি-ডিউ, ১৯৯৩ সালে দায়ানারা তোরেস, ২০০১ সালে ডেনিস কুইনোনেস এবং সর্বশেষ ২০০৬ সালে জুলেইকা রিভেরা এই খেতাব জিতেছিলেন।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ। দ্বিতীয় রানারআপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। তৃতীয় রানারআপ ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি এবং চতুর্থ রানারআপ হয়েছেন নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।

প্রতিযোগিতার প্রশ্নোত্তর পর্বেও নজর কেড়েছেন বিয়া। ৭৫ বছর পরও মিস ইউনিভার্সের প্রাসঙ্গিকতা কীভাবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরবেন- এমন প্রশ্নের উত্তরে নারীদের অতীতের অর্জন, বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা বলেন তিনি।

জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষ এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন এই প্রতিযোগী।

বাংলাদেশ থেকে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অভিনেত্রী সামিরা খান মাহি। গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও দর্শক ভোটে শীর্ষে ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের এই প্রতিনিধি।

প্রসঙ্গত, ফিলিপাইন এর আগে চারবার মিস ইউনিভার্সের মুকুট জিতেছে। সর্বশেষ ২০১৮ সালে দেশটির হয়ে এই খেতাব অর্জন করেছিলেন ক্যাটরিওনা গ্রে। এবার বিয়া তৃতীয় রানারআপ হওয়ায় পঞ্চমবারের মতো মুকুট জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো দেশটির।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ