ময়মনসিংহে পানিতে ভাসমান ড্রামের ভেতর থেকে উদ্ধার করা মরদেহের পরিচয় মিলেছে। নিরঞ্জন চন্দ্র সূত্রধর (৫০) নামের নিহত এই ব্যক্তি স্বর্ণের দোকানের কারিগর।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)বেলা সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম এ সত্যতা নিশ্চিত করেন।
ওসি বলেন, নিহত নিরঞ্জন চন্দ্র সূত্রধর জেলার ত্রিশাল উপজেলার রমেন্দ্র চন্দ্র সূত্রধরের ছেলে। বাড়ি ত্রিশাল হলেও তিনি স্ত্রী-সন্তান নিয়ে ময়মনসিংহ নগরীর স্টেডিয়াম এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং জুয়েলারি দোকানে কারিগরের কাজ করতেন।
এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সদরের বেগুনবাড়ি এলাকার একটি স্লুইসগেইটের সামনের ড্রামের ভিতর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
ওসি আরও বলেন, নিহতের মাথায় ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহ ড্রামে ভরে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা পানিতে একটি ড্রাম ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করে। ড্রামের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় হিসেবে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা-পুলিশ।