রবিবার, ১৯ জুলাই ২০২৬
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম
আগামী মাস থেকে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রবাসীদের জন্য থাকছে বিশেষ সুবিধা তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ৫ মাস: জনগণের আস্থা অর্জনেই মূল লক্ষ্য ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল ৩১ দফা ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রীর প্রেস সচিব ক্যাশলেস ইকোসিস্টেম আর্থিক অন্তর্ভুক্তি ও সুশাসনের ভিত্তি: এনআরবিসি ব্যাংকের এমডি বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর পিরিয়ডের ব্যথা নিয়ে সচেতনতার বার্তা দিল সোফি বাংলাদেশ নিবেদিত 'মনের কথা'-এর তৃতীয় পর্ব বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতি - বাঁশ ও গোবর সার কাণ্ডে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত
advertisement
জাতীয়

৩১ দফা ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

সরকার নির্বাচনী ইশতেহারের ৩১ দফা এবং সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’ পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেছেন, ‘সরকারের এসব কর্মকাণ্ড ও বাস্তবায়নের চিত্র সংবাদমাধ্যমের মাধ্যমেই জনগণ জানতে পারছে।’

শনিবার (১৮ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এসব কথা বলেন।

বিগত সরকারের আমলের তথাকথিত উন্নয়নের সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা অতীতে অনেক উন্নয়নের গালগল্প শুনেছি। কিন্তু, বর্তমান প্রধানমন্ত্রী যখন দেশের বিভিন্ন জেলা সফরে গেছেন, তখন মানুষের নানা সমস্যা ও অনুন্নয়নের বাস্তব চিত্র সামনে এসেছে।’

স্বাস্থ্যখাতের উন্নয়নের উদাহরণ দিয়ে সালেহ শিবলী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে ৩০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থা চালু করেছিলেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় তা ৫০ শয্যায় উন্নীত করা হয়। আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ৪৯২টি উপজেলার সবকটি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়ে তা বাস্তবায়ন করছেন।’

সালেহ শিবলী আরো বলেন, ‘বিগত ফ্যাসিবাদী শাসনামলে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের পাশাপাশি মানুষের ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের মারাত্মক অবক্ষয় ঘটেছে, যা অন্য সব অর্জনকে ম্লান করে দেয়। এ অবস্থা থেকে উত্তরণে প্রধানমন্ত্রী মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি পারিবারিক ও সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনার ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছেন।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শুধু মুখের কথায় নয়, কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে গুণগত রাজনৈতিক পরিবর্তন আনছেন। সম্প্রতি আর্মি স্টেডিয়ামে শিশুদের এক অনুষ্ঠানে মাঠ থেকে নিজ হাতে প্লাস্টিকের বোতল কুড়িয়ে এবং জাতীয় সংসদে সমাপনী বাজেট বক্তৃতায় নিজ উদ্যোগে বর্জ্য ব্যবস্থাপনার তাগিদ দিয়ে তিনি দেশের নাগরিকদের প্রতি এক অনন্য বার্তা দিয়েছেন।’

প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রশাসন, সংবাদকর্মীসহ দেশের সব স্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন বলেও জানান সালেহ শিবলী।

তিনি বলেন, সংসদে প্রধানমন্ত্রীর ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি ...’ কবিতাটি স্মরণ করানোর প্রসঙ্গ টেনে প্রেস সচিব বলেন, এটি মূলত একটি মূল্যবোধসম্পন্ন বাংলাদেশ গড়ার বার্তা। এই বার্তা নিজেদের মধ্যে ধারণ করলে আমরা নিজেদেরকে সাফল্যের পথে এগিয়ে নিতে পারবো।

সংসদীয় বা যেকোনো সংবাদ সম্মেলনে অতীতের ‘নেতার বন্দনা করার অপসংস্কৃতি’ থেকে বর্তমান সরকার সম্পূর্ণ বেরিয়ে এসেছে উল্লেখ করে প্রেস সচিব সালেহ শিবলী বলেন, ‘এখন আর চাটুকারিতার কোনো সুযোগ নেই, বরং অর্থবহ কাজের সংস্কৃতি তৈরি করা হচ্ছে। এমনকি বিগত আমলে অবহেলিত বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণেও প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করছেন।

সাম্প্রতিক সময়ের অন্যতম বড় অর্জন হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে ‘জীবনবান্ধব বাজেট’ হিসেবে উল্লেখ করে প্রেস সচিব বলেন, অন্যান্য বছরের মতো এবার বাজেট ঘোষণার পর বাজারে কোনো জিনিসের দাম বাড়েনি। বিশেষ করে ক্যান্সার ও ডায়ালাইসিসসহ বিভিন্ন জটিল চিকিৎসার খরচ কমানো হয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা হয়েছে।

এ সময় একটি সুন্দর, সমৃদ্ধ ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে গণমাধ্যমকর্মীদের এসব ইতিবাচক সামাজিক ইস্যুগুলো জনগণের সামনে বেশি বেশি তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) ও শাহাদাৎ স্বাধীন, সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক, গাজী শাহরিয়ার পামির এবং আশরোফা ইমদাদ।

উল্লেখ্য, জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর আজ ১৮ জুলাই পাঁচ মাস পূর্ণ হলো।

সর্বশেষ পাওয়া সংবাদ