বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
Price Sensitive Information of BDCOM Online Ltd. রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
advertisement
আন্তর্জাতিক

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক : দেড় মাসেরও বেশি সময় ধরে চলা নির্বাচনী কর্মকাণ্ড শেষে এবার ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় সাড়ে ৮টা) এই ভোট গণনা শুরু হয়।

বিজেপি নাকি কংগ্রেস, এনডিএ জোট নাকি বিরোধী ইন্ডিয়া জোট; এই লোকসভা নির্বাচনে কারা বিজয়ী হয়ে নতুন সরকার গঠন করবে সেটা জানা যাবে আজই।

সংবাদমাধ্যম বলছে, ভারতে ছয় সপ্তাহব্যাপী ম্যারাথন নির্বাচনের পর মঙ্গলবার (৪ জুন) ভোট গণনা শুরু হয়েছে স্থানীয় সময় সকাল ৮টায়। ভোট নেওয়া হয়েছে, ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম দিয়ে, যার ফলে ভোট গণনা খুব দ্রুত শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বের সব চেয়ে বড় নির্বাচন বলে পরিচিত এই প্রক্রিয়ায় প্রায় ১০০ কোটি মানুষ ভোটার ছিলেন, যার মধ্যে ৬৪ কোটি ২০ লাখ মানুষ ভোট দিয়েছেন বলে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে।

ভারতীয় সংসদের নিম্নকক্ষ ৫৪৩ আসন বিশিষ্ট লোকসভার জন্য ভোট গ্রহণ করা হয়েছে। যে দল বা জোট ২৭২ বা তার বেশি আসন পাবে, তারা দেশের পরবর্তী সরকার গঠন করবে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মূলত দুটি জোটের মধ্যে- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি বা বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ এবং বিরোধী কংগ্রেসের মিত্রদের নিয়ে গঠিত ‘ইন্ডিয়া’ জোট।

এনডিএ জয়লাভ করলে মোদি টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু ‘ইন্ডিয়া’ জোট জয়ী হলে কে প্রধানমন্ত্রী হবেন, তা এখনো নিশ্চিত নয়। বিরোধী জোট নির্বাচনী প্রচারণার সময় কোনও নেতাকেই তাদের ‘প্রধানমন্ত্রী প্রার্থী’ হিসেবে উপস্থাপন করেনি।

এদিকে সাত দফার নির্বাচন গত শনিবার শেষ হওয়ার পরে যে এক্সিট পোল বা বুথ ফেরত জনমত সমীক্ষা সংবাদমাধ্যম এবং সমীক্ষা সংস্থাগুলো করেছে, তাতে এনডিএ সংখ্যাগরিষ্ঠ আসন পাবে বলে দেখা গেছে। তারা জানিয়েছে, এনডিএ হয় আগের বারের মতো ৩৫৩ (৬৫ শতাংশ) আসন পাবে বা তার থেকে আরও ১০ শতাংশ বেশি পেয়ে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে।

কিন্তু প্রায় প্রতিটি বিরোধী দল এই সমীক্ষার বিরোধিতা করে বলেছে, এর কোনো ভিত্তি নেই এবং অতীতে অনেকবারই বুথ ফেরত জরিপ বা এক্সিট পোল ভুল প্রমাণিত হয়েছে।

পাঁচ বছর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ৩৭.৭ শতাংশ ভোট পেয়ে ৩০৩ আসনে জয়লাভ করেছিল। তার বিপরীতে কংগ্রেস ১৯.৬৬ পেয়ে মাত্র ৫২ আসন পায়। অন্য দলগুলোর অনেকেই নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থেকেছে। যেমন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ২২টি আসন, তামিলনাডুতে ডিএমকে ২৩টি আসন, অন্ধ্র প্রদেশে ইউভাজানা স্রামিকা র‍্যথু কংগ্রেস পার্টি ২৩টি আসন এবং মহারাষ্ট্রে শিব সেনা ১৮টি আসন পেয়েছিল।

মূলত এই নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দল বিজেপির নেতৃত্বাধীন জোট ‘এনডিএ’ একটানা তৃতীয়বার দেশটির ক্ষমতায় আসার জন্য লড়ছে। বিজেপির সেই লক্ষ্য সফল হলে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর নরেন্দ্র মোদিই হবেন প্রথম ব্যক্তি, যিনি পরপর তিনবার দেশের প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করবেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ