বুধবার, ০১ জুলাই ২০২৬
বুধবার, ০১ জুলাই ২০২৬
শিরোনাম
advertisement
আন্তর্জাতিক

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

পাকিস্তানের লাহোরে একটি বেসরকারি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দেশটির পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের উপকণ্ঠে ঘটা এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন। দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 

স্থানীয় কর্মকর্তারা জানান, লাহোরের কাহনা এলাকায় অবস্থিত একটি বেসরকারি কোচিং সেন্টারে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগের বয়স ছিল ৭ থেকে ১১ বছরের মধ্যে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জরুরি উদ্ধার সংস্থার মুখপাত্র ফারুক আহমেদ জানান, মঙ্গলবার (৩০ জুন) স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় এক ঘণ্টার মধ্যেই উদ্ধার অভিযান শেষ করা হয়।

ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তের অংশ হিসেবে দুজনকে আটক করা হয়েছে।

নিহত এক শিশুর স্বজন বিবিসিকে জানান, ভবনটির ছাদের অবস্থা আগে থেকেই খারাপ ছিল। তার দাবি, শিশুরা পড়াশোনা করার সময় ছাদের ওপর মেরামতের কাজ চলছিল। অতিরিক্ত ওজনের কারণেই ছাদটি ধসে পড়ে।

এলাকার আরেক বাসিন্দা বিবিসিকে বলেন, এত পরিবারের শিশু মারা গেছে যে, কার বাসায় গিয়ে আগে সমবেদনা জানাবেন, সেটাই বুঝতে পারছেন না।

ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফও এ ঘটনাকে হৃদয়বিদারক ট্র্যাজেডি উল্লেখ করে বলেন, ১৪ নিরীহ শিশুর মৃত্যু অপূরণীয় ক্ষতি। এ ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: বিবিসি

 

সর্বশেষ পাওয়া সংবাদ