রবিবার, ২১ জুন ২০২৬
রবিবার, ২১ জুন ২০২৬
শিরোনাম
advertisement
আন্তর্জাতিক

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত

কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। রোববার (২১ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে আল শাহানিয়া শহরের সামাল সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বরাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। নিহতরা হলেন- আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তি একজন ভারতীয় নাগরিক।

নিহতরা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহে দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

জানা গেছে, শনিবার সকালে প্রবাসীরা একটি পিকআপ ভ্যানে করে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। পথে শাহানিয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই ছয় আরোহীর মৃত্যু হয়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, কাতারপ্রবাসী ৫ জন জানাইঘাটের বাসিন্দা। দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। তারা কানাইঘাটের গাছবাড়ি ও আশপাশ এলাকার বাসিন্দা।

জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক গণমাধ্যমকে জানান, নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে পাঠানোর জন্য কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় ও যোগাযোগ করা হচ্ছে।

ঘটনার খবরে নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে এসেছে। এলাকাজুড়েও বিরাজ করছে শোকের আবহ।

সর্বশেষ পাওয়া সংবাদ