প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ এবং ছোটপর্দার অভিনেত্রী কেয়া পায়েল। ওটিটি প্ল্যাটফর্ম চরকির অরিজিনাল ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এ দেখা যাবে এই জুটিকে। সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা জাহিদ প্রীতম। দীর্ঘ বিরতির পর এই চলচ্চিত্রের মাধ্যমে আবারো চরকির কোনো কনটেন্টে ফিরছেন আরিফিন শুভ।
সম্প্রতি ‘নীলচক্র’ সিনেমার প্রচার শেষ করে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান শুভ। সেখানে ‘মালিক’ সিনেমার প্রিমিয়ারে অংশ নিয়ে প্রায় দুই সপ্তাহ পর দেশে ফেরেন। দেশে ফিরে একাধিক সিনেমার গল্প শুনলেও পরবর্তী চলচ্চিত্র নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
এর মধ্যেই নতুন খবর—শুভ যুক্ত হয়েছেন ‘হ্যাপিলি ম্যারিড’ শিরোনামের নতুন একটি প্রজেক্টে। এটি প্রযোজনা করছে ছবিয়াল। যদিও নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ঘোষণা দেয়নি, তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতোমধ্যেই সিনেমাটির শুটিং শুরু হয়েছে।
এ বিষয়ে পরিচালক জাহিদ প্রীতম জানান, তিনি বর্তমানে শুটিং নিয়ে ব্যস্ত। আপাতত কাজটি সম্পর্কে বিস্তারিত কিছু বলতে চাননি। তবে একাধিক সূত্র নিশ্চিত করেছে, এই সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করছেন কেয়া পায়েল। এরই মধ্যে শুটিংয়েও অংশ নিয়েছেন তিনি।
সাম্প্রতিক সময়ে ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মুখ কেয়া পায়েল। বিশেষ করে মোস্তাফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। এর আগে শতাধিক নাটকে অভিনয় করলেও বড়পর্দায় তার কাজের সংখ্যা খুবই সীমিত। ক্যারিয়ারের শুরুতে ২০১৮ সালের শেষ দিকে আনিসুর রহমান মিলনের বিপরীতে ‘ইন্দুবালা’ সিনেমার নামভূমিকায় অভিনয় করেন তিনি। তবে ‘হ্যাপিলি ম্যারিড’ হতে যাচ্ছে তার ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত সিনেমার একটি।
আরিফিন শুভ বলেন, ‘উনিশ২০-এর পর এই প্রকল্পের সঙ্গে নতুন কাজ করছি। রম-কম ঘরানার কাজ এটা। শুধু বলার জন্য বলা না, এ রকম চরিত্রে কাজ করিনি। দর্শকরা সাধারণত আমাকে যেভাবে দেখে অভ্যস্ত, এখানে আমাকে সেভাবে দেখা যাবে না। অর্থাৎ কনভেনশনাল স্ট্রং মেইল ক্যারেক্টারাইজেশন না এটা।’
নিজের চরিত্র সম্পর্কে অভিনেতা আরও বলেন, ‘আমার চরিত্রটি মফস্বলের অত্যন্ত দায়িত্বশীল এক যুবকের, যার পুরো পৃথিবীজুড়েই রয়েছে পরিবার, ছোট ভাইবোন ও প্রিয় মানুষেরা।’
অন্যদিকে, ফিল্মটির গল্পের আরেক প্রান্তে রয়েছেন অনামিকা চরিত্রের কেয়া পায়েল। উচ্চবিত্ত ও আধুনিক শহুরে সংস্কৃতিতে বেড়ে ওঠা এই তরুণীর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সামাজিক যোগাযোগমাধ্যম, সেলিব্রিটি ফ্যান্টাসি এবং ভার্চুয়াল জগতের রঙিন স্বপ্ন।
কেয়া পায়েল বলেন, ‘বেশ কিছু কারণে খুব ভালো লাগছে। প্রথমত আমার সহশিল্পী আরিফিন শুভ ভাই। দ্বিতীয়ত, এই প্রকল্পের সঙ্গে এটা আমার প্রথম কাজ। তৃতীয়ত, এর নির্মাতা জাহিদ প্রীতম।’
নিজের চরিত্র নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার চরিত্রটা প্রেমে পড়ার মতো। আর আমার অভিনয়ের অনেকগুলো লেয়ার আছে। সবকিছু মিলিয়ে আমার মনে হয়, দর্শক আমাকে অনেকভাবেই দেখেছেন, আবারও একটু ভিন্নভাবে দেখবেন।’
জানা গেছে, অসম সম্পর্কের গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘হ্যাপিলি ম্যারিড’। সম্পর্কের টানাপড়েন, ভালোবাসা ও মানসিক দ্বন্দ্বকে ঘিরেই এগোবে কাহিনি। এটি নির্মিত হচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর সার্বিক তত্ত্বাবধানে চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের অধীনে।