বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ আমদানি শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগ তুলে ১৩টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের পণ্যে নতুন শুল্ক আরোপের পরিকল্পনার অংশ হিসেবে এ প্রস্তাব করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারার আওতায় এ প্রস্তাব ঘোষণা করেছে। প্রস্তাবিত শুল্কের আওতায় নির্দিষ্ট কিছু পণ্যে ছাড় রাখার কথা বলা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে জনমত ও সংশ্লিষ্ট পক্ষের মতামত গ্রহণের প্রক্রিয়াও শুরু করেছে সংস্থাটি।
বাংলাদেশের জন্য প্রস্তাবিত শুল্কহার কম্বোডিয়ার সমান। চীনের পণ্যে সর্বোচ্চ ২০ শতাংশ, ভারতের পণ্যে ২৫ শতাংশ এবং ভিয়েতনামের পণ্যে সর্বোচ্চ ৩৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে। তবে ভারতের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি হলে শুল্ক ১৭ শতাংশ এবং ভিয়েতনামের সঙ্গে চুক্তি হলে ২০ শতাংশে নামানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে।
বাংলাদেশের বিষয়ে মূল্যায়নে যুক্তরাষ্ট্র পাঁচটি ক্ষেত্রে উদ্বেগ জানিয়েছে। এর মধ্যে রয়েছে শিল্প উৎপাদন ও রপ্তানি বাড়াতে প্রণোদনা, শ্রমিকদের সুরক্ষায় অপর্যাপ্ত ব্যবস্থা, আর্থিক খাতের নীতি এবং অতিরিক্ত উৎপাদন সক্ষমতা মোকাবিলায় ব্যর্থতা। এসব কারণে বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র খাত প্রভাবিত হচ্ছে বলে দাবি করেছে সংস্থাটি।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরের অভিযোগ, বাংলাদেশের এসব চর্চার ফলে মার্কিন উৎপাদক ও রপ্তানিকারকদের বাণিজ্যিক সুযোগ কমেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের উৎপাদন, রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অর্থনৈতিক নিরাপত্তার ঝুঁকি বেড়েছে।