বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
অর্থ-বাণিজ্য

খেলাপি ঋণ কমাতে ও মূলধন শক্তিশালী করতে একসঙ্গে কাজ করবে বিএবি-এবিবি

ব্যাংক খাতের খেলাপি ঋণ কমানো এবং মূলধন ভিত্তি শক্তিশালী করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একযোগে কাজ করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)। এ লক্ষ্যে প্রতি তিন মাস অন্তর যৌথ সভা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে বিএবির সদস্য ব্যাংকগুলোর চেয়ারম্যান ও এবিবির সদস্য ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।

বিএবির চেয়ারম্যান আবদুল হাই সরকার বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পদক্ষেপসমূহ তুলে ধরেন, যার মধ্যে রয়েছে এক্সিট পলিসি, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের জন্য কেপিআই নির্ধারণ, প্রস্তাবিত ব্যাংক কোম্পানি আইনের সাম্প্রতিক সংশোধনী এবং বন্ধ মিল-কারখানা পুনরুজ্জীবনে তহবিল বরাদ্দ। তিনি বাংলাদেশ ব্যাংকের কাছে লভ্যাংশ প্রদানের নিয়মাবলি সহজ করার এবং স্বতন্ত্র পরিচালকদের ক্ষেত্রে ৭৫ বছর বয়সের সীমাবদ্ধতা তুলে নেওয়ারও অনুরোধ জানিয়েছেন।

গভর্নর তাঁর বক্তব্যে এবিবির সঙ্গে একত্রে বসার জন্য বিএবির উদ্যোগকে স্বাগত জানান। তিনি খেলাপি ঋণ কমানো, বিশেষ করে কৃষি ও এসএমই খাতে ঋণপ্রবাহ বাড়ানো, ট্রেজারি বিলের ওপর ব্যাংকের নির্ভরতা কমানো এবং অন্তর্ভুক্তিমূলক লক্ষ্য অর্জনে উপযোগী পণ্য উদ্ভাবনের জন্য ব্যাংকগুলোতে গবেষণা সেল প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। সভায় প্রতি তিন মাস অন্তর এ ধরনের যৌথ সভা আয়োজনের সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরগণ ড. মোঃ কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।

সভায় অন্যান্যের মধ্যে বিএবির পক্ষে ভাইস চেয়ারম্যানগণ সর্ব মনজুরুর রহমান, রোমো রউফ চৌধুরী ও শরীফ জহীর; এবং এ. এস. এম. শহীদুল্লাহ খান ও মো. মেহমুদ হোসেন এবং এবিবির পক্ষে ইস্টার্ন ব্যাঙ্ক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক, পূবালী ব্যাঙ্ক, ট্রাস্ট ব্যাঙ্ক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক এবং ওয়ান ব্যাঙ্ক এর ব্যবস্থাপনা পরিচালকগণ উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ