দেশে নিম্নস্তরের বা কম দামি প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ করেছে সরকার।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে মন্ত্রিসভায় নিম্ন স্তরের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয়েছিল।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিগারেটের অন্যান্য স্তরের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে:
মধ্যম স্তর: প্রতি ১০ শলাকা ৯২ টাকা
উচ্চ স্তর: প্রতি ১০ শলাকা ১৬০ টাকা
প্রিমিয়াম বা অতি-উচ্চ স্তর: প্রতি ১০ শলাকা ২১০ টাকা ও তদূর্ধ্ব
এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সব স্তরের সিগারেটের দাম বাড়ানো হয়েছিল। ওই সময় বাজেটে নিম্নস্তরের প্রতি ১০ শলাকা প্যাকেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়। তবে নতুন এই সিদ্ধান্তের ফলে এই স্তরে আরও ৩ টাকা বেড়ে সর্বনিম্ন দাম দাঁড়াল ৬৫ টাকা।
উল্লেখ্য, বাজেটে অন্যান্য স্তরের দাম বাড়িয়ে মধ্যম স্তরের প্রতি ১০ শলাকা ৮০ টাকা থেকে ৯২ টাকা, উচ্চ স্তরের ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের ১৮৫ টাকা থেকে ২১০ টাকা নির্ধারণ করা হয়েছিল।