সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সারাদেশ

গৌরীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ট্রাকচালক নিহত

ময়মনসিংহের গৌরীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেন্ট্রি গাছে ট্রাকের ধাক্কা লেগে সামনের অংশ দুমড়েমুচড়ে
গিয়ে মো. ইউনুছ (৪৫) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপারসহ আরও তিনজন আহত হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) ভোররাত আনুমানিক ৩টার দিকে গৌরীপুর-কলতাপাড়া সড়কের গুজিখাঁ এলাকায় বিসমিল্লাহ ব্রিকস ফিল্ডের (বিবিএফ) সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক ইউনুছ পঞ্চগড় সদর উপজেলার জগধর গ্রামের আব্দুর রউফের ছেলে। দুর্ঘটনায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। আহত হেলপার আরিফের (২৫) পায়ে গুরুতর কাটা জখম হয়েছে। ট্রাকে থাকা অপর দুই শ্রমিক সামান্য আহত হয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বালুবাহী ট্রাকটি পঞ্চগড় থেকে গৌরীপুরে এসেছিল। বালু নামিয়ে খালি অবস্থায় ফেরার পথে গুজিখাঁ এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বড় রেন্ট্রি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে গৌরীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইউনুছকে মৃত ঘোষণা করেন।

গৌরীপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোস্তাফিজ জানান, ভোর পৌনে ৪টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাঁদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত চুয়াডাঙ্গা-ট-১১-০৪০৭ নম্বরের ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এ ঘটনায় মালিকপক্ষ বা সংশ্লিষ্ট কেউ মামলা করতে চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ