মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
সারাদেশ

মমেক হাসপাতালে গত তিন দিনে ৩ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু ৮৪

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গত তিন দিনে তিন শিশুর মৃত্যু হয়েছে। এদিকে চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত হাসপাতালটিতে হাম ও হামের উপসর্গ নিয়ে সাড়ে ৫ হাজার শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ৮৪ শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৩৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ৫৮ শিশু। বর্তমানে হাসপাতালটিতে ১১৭ শিশু চিকিৎসাধীন রয়েছে।

গত তিন দিনে মারা যাওয়া তিন শিশুই ছেলে। তাদের মধ্যে ময়মনসিংহ সদর উপজেলার ৯ মাস বয়সী এক শিশু গত ২০ অক্টোবর হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৫ অক্টোবর সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

এ ছাড়া নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৫ বছর বয়সী এক শিশু ১৪ অক্টোবর হাসপাতালে ভর্তি হয়েছিল। ২৪ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভালুকা উপজেলার ১৫ মাস বয়সী আরেক শিশু ১৫ অক্টোবর ভর্তি হওয়ার পর ২৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যায়।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাইন উদ্দিন জানান, মার্চের মাঝামাঝি সময় থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুদের হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বাড়তে শুরু করে। এরপর থেকে এখন পর্যন্ত মোট সাড়ে ৫ হাজার শিশু চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ হাজার ৩০০ শিশু। তবে একই সময়ে ৮৪ শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে তারা সার্বক্ষণিক কাজ করছে।হামের সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে শিশুদের মধ্যে পর্যাপ্ত রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠার ঘাটতি রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অনেক শিশুর টিকা নেয়নি অথবা টিকা নেওয়ার বয়স হয়নি। অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে ঝুঁকি বেশি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ