শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার দুই প্রবাসী নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার দুই বাংলাদেশি প্রবাসী কর্মী নিহত হয়েছেন।

সোমবার (১১ মে) দুপুরে লেবাননের নাবাতিয়েহ এলাকার জেবদিন গ্রামে তাঁদের আবাসস্থলে এ হামলার ঘটনা ঘটে। নিহতের খবরে সাতক্ষীরার দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম (৩৮) এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. নাহিদুল ইসলাম (২৬)।

শফিকুল ইসলাম সদর উপজেলার আফসার আলী ও আজেয়া খাতুন দম্পতির ছেলে। অপরদিকে নাহিদুল ইসলাম আশাশুনি উপজেলার আব্দুল কাদের ও নুরুন্নাহার খাতুন দম্পতির সন্তান।

জানা গেছে, সোমবার দুপুরে জেবদিন এলাকার একটি বাড়িতে ইসরায়েলি বাহিনী ড্রোন হামলা চালায়। এতে শফিকুল ও নাহিদুলসহ এক সিরীয় নাগরিক নিহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় এটি ছিল ইসরায়েলি বাহিনীর দ্বিতীয় দফা হামলা। এর আগে একই এলাকায় একটি রুটি বহনকারী ভ্যানে ড্রোন হামলায় আরও দুই স্থানীয় বাসিন্দা নিহত হন।

বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক শোকবার্তায় দুই বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তাঁদের মরদেহ নাবাতিয়েহর নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে।

নিহতদের পরিবার জানায়, অভাব-অনটনের সংসারে স্বচ্ছলতা ফেরানোর আশায় মাত্র এক মাস আগে তারা লেবাননে পাড়ি জমান। অনেক স্বপ্ন নিয়ে গত ২০ রমজান বিদেশে গিয়েছিলেন শফিকুল ইসলাম। একইভাবে পরিবারের হাল ধরতে বিদেশে পাড়ি জমান তরুণ নাহিদুল ইসলামও।

প্রিয়জনদের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় এখন বাকরুদ্ধ দুই পরিবার। ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা-মা ও স্বজনরা। কান্নায় ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিলেও হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর সংঘাত এখনো থামেনি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৮৬৯ জন নিহত।

সর্বশেষ পাওয়া সংবাদ