রবিবার, ২৬ জুলাই ২০২৬
রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম
‘আইসিএসবি কর্তৃক প্রস্তাবিত বিএসইসি কর্পোরেট গভর্ন্যান্স বিধিমালা, ২০২৬’ বিষয়ে সিপিডি প্রোগ্রাম আয়োজিত বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে বিশ্বকাপের আলোড়ন তোলা ভোজিনহা যোগ দিচ্ছেন চিলির ক্লাবে এসবিএসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু প্রিমিয়ার ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নে এনসিসি ব্যাংক ও পিকেএসএফ-এর মধ্যে চুক্তি তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর হতে পারে দেশের অর্থনীতির নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম - মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
advertisement
কর্পোরেট

‘আইসিএসবি কর্তৃক প্রস্তাবিত বিএসইসি কর্পোরেট গভর্ন্যান্স বিধিমালা, ২০২৬’ বিষয়ে সিপিডি প্রোগ্রাম আয়োজিত

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর উদ্যোগে ‘প্রস্তাবিত বিএসইসি কর্পোরেট গভর্ন্যান্স রুলস, ২০২৬’ শীর্ষক একটি কন্টিনিউয়িং প্রফেশনাল ডেভেলপমেন্ট (সিপিডি) প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ঢাকার বিআইএম অডিটোরিয়ামে এ প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

কর্পোরেট গভর্ন্যান্স ও রেগুলেটরি কমপ্লায়েন্স বিষয়ে সর্বশেষ অবস্থা পর্যালোচনার লক্ষ্যে আয়োজিত এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দেশের নিয়ন্ত্রক সংস্থার উর্ধ্বতন প্রতিনিধি, শীর্ষস্থানীয় কর্পোরেট নেতৃবৃন্দ, গভর্ন্যান্স পেশাজীবী এবং কোম্পানি সেক্রেটারীগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান মাসুদ খান এফসিএ, এফসিএমএ।

তিনি তার বক্তব্যে বলেন, প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স বিধিমালা, ২০২৬ প্রণয়নের মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং টেকসই কর্পোরেট সুশাসনের প্রয়োগ ও চর্চা অধিকতর সুদৃঢ় হবে। নতুন এই রেগুলেটরি ফ্রেমওয়ার্কের কার্যকর বাস্তবায়ন নিশ্চিতকরণ এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে গভর্ন্যান্স পেশাজীবীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ অ্যাসোয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)-এর প্রেসিডেন্ট রিয়াদ মাহমুদ। তিনি প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স বিধিমালার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থা, তালিকাভুক্ত কোম্পানি এবং গভর্ন্যান্স পেশাজীবীদের মধ্যে নিবিড় সমন্বয় ও অংশীজনদের পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। দেশের কর্পোরেট খাতকে আরও শক্তিশালী ও গতিশীল করতে এই সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

আইসিএসবি-এর প্রাক্তন প্রেসিডেন্ট এবং মোহাম্মদ সানাউল্লাহ অ্যান্ড অ্যাসোসিয়েটস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানাউল্লাহ এফসিএস অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি প্রস্তাবিত বিএসইসি কর্পোরেট গভর্ন্যান্স বিধিমালা, ২০২৬-এর ওপর একটি বিস্তৃত পর্যালোচনা ও গভীর বিশ্লেষণ তুলে ধরেন। তাঁর নিবন্ধে প্রস্তাবিত বিধিমালায় সংযোজিত গুরুত্বপূর্ণ পরিবর্তনসমূহ, তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে এর বাস্তব প্রভাব, পরিচালনা পর্ষদ, অডিট কমিটি, স্বতন্ত্র পরিচালক এবং কোম্পানি সেক্রেটারীদের বর্ধিত দায়িত্ব ও এর পরিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি, আন্তর্জাতিক মানদণ্ড ও রেগুলেটরি প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে কর্পোরেট গভর্ন্যান্স প্রয়োগের বিষয়ে তিনি মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানের আলোচনা পর্বে প্যালেনিস্ট হিসেবে অংশগ্রহণ করেন ওয়ালটন-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারী মোঃ রফিকুল ইসলাম এফসিএস, ব্র্যাক ব্যাংক পিএলসি-এর কোম্পানি সেক্রেটারী মাহবুবুর রহমান এফসিএস এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)-এর কর্পোরেট গভর্ন্যান্স অফিসার মিজ লোপা রহমান।

আলোচকগণ নতুন কর্পোরেট গভর্ন্যান্স বিধিমালার বাস্তবায়ন প্রক্রিয়া, প্রতিপালন-সংক্রান্ত চ্যালেঞ্জ, কর্পোরেট গভর্ন্যান্স চর্চার বেস্ট প্র্যাকটিস এবং বিনিয়োগকারীদের আস্থা অর্জনসহ নৈতিক চর্চা নিশ্চিতকরণ ও টেকসই কর্পোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠায় কোম্পানি সেক্রেটারীদের ক্রমবর্ধমান ভূমিকা ও দায়িত্বের ওপর নিজেদের অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ মতামত তুলে ধরেন।

সিপিডি প্রোগ্রামটিতে সভাপতিত্ব করেন আইসিএসবি-এর প্রেসিডেন্ট হোসাইন সাদাত এফসিএস। সমাপনী বক্তব্যে তিনি পেশাগত দক্ষতার উৎকর্ষ সাধনে চার্টার্ড সেক্রেটারী পেশাজীবীদের কন্টিনিউয়িং এডুকেশন ও ক্যাপাসিটি বিল্ডিংয়ের ক্ষেত্রে আইসিএসবির অনমনীয় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, সদা-পরিবর্তনশীল রেগুলেটরি পরিবেশে দায়িত্ব পালনের ক্ষেত্রে গভর্ন্যান্স পেশাজীবীদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে সার্বিক সহায়তা প্রদান করাই এই সিপিডি প্রোগ্রামের মূল অভিপ্রায়।

অনুষ্ঠানের প্রাণবন্ত প্রশ্নোত্তর-পর্বে অংশগ্রহণকারী সদস্যগণ প্রস্তাবিত বিএসইসি কর্পোরেট গভর্ন্যান্স বিধিমালা, ২০২৬ বাস্তবায়নের বিভিন্ন ব্যবহারিক দিক নিয়ে সম্মানিত বক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

চার্টার্ড ও কোম্পানি সেক্রেটারীগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, কর্পোরেট নির্বাহী, গভর্ন্যান্স পেশাজীবী, সিএস প্র্যাকটিশনার এবং নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বাংলাদেশের কর্পোরেট গভর্ন্যান্সের প্রয়োগ, চর্চা ও এর ধারাবাহিক বিকাশে সকলের সম্মিলিত অঙ্গীকারেরই প্রতিফলন ঘটিয়েছে।

আইসিএসবি-এর ফেলো সদস্য ড. মীর শরীফুল বাশার এফসিএস অত্যন্ত সুচারুভাবে পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

পরিশেষে, আইসিএসবির প্রফেশনাল ডেভেলপমেন্ট কমিটি-এর সদস্য মিজ ইসরাত জাহান রিমি এফসিএস প্রধান অতিথি, বিশেষ অতিথি, মূল প্রবন্ধ উপস্থাপক, আলোচকবৃন্দ, আইসিএসবির সম্মানিত সদস্যবৃন্দ এবং সকল অংশগ্রহণকারীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সার্থক এই সিপিডি প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।

 

 

 

 

সর্বশেষ পাওয়া সংবাদ