Corporate Sangbad
জাতীয়

সারদা পুলিশ একাডেমির কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৩, ১১:৫৪ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৯ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির অনুষ্ঠানস্থলে উপস্থিত হন তিনি।

এর আগে রোববার (২৯ জানুয়ারি) সকালে ১০টার দিকে বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে ঢাকা থেকে রাজশাহী রওনা দেন তিনি।

একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৩৮তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করবেন তিনি। পরে প্রধানমন্ত্রী প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের মাঝে ট্রফি বিতরণ করবেন এবং নবীন এ পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখবেন।

অনুষ্ঠানে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ছাড়াও মহাপরিদর্শকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

এ অনুষ্ঠান উপলক্ষে পুলিশ একাডেমি সেজেছে নতুন সাজে। এছাড়া নিরাপত্তা বেষ্টনীতে ঢাকা হয়েছে পুলিশ একাডেমিসহ আশপাশের এলাকা।

image-271

এদিকে সারদা একাডেমির অনুষ্ঠান শেষ করে রাজশাহীর স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগরীর মাদ্রাসা মাঠে জনসভা শুরু হবে দুপুর আড়াইটায়।

জনসভায় প্রধানমন্ত্রী উন্নয়নের বার্তা তুলে ধরার পাশাপাশি উত্তরাঞ্চলের জনগণের জন্য বিশেষ বক্তব্য দেবেন। পাশাপাশি ৩১টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করবেন তিনি। এর মধ্যে ২৬টি উন্নয়ন প্রকল্পের কাজ এরই মধ্যে শেষ হয়েছে এবং ৫টি চলমান।