Corporate Sangbad
বিনোদন

ওটিটিতে আসছে ‘আয়নাবাজি’

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:২৫ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

বিনোদন ডেস্ক: এবার ওটিটি-তে আসছে জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর প্রথম সিনেমা ‘আয়নাবাজি’ । মুক্তির আট বছর পর তারকাবহুল এই সিনেমাটি ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে।

নির্মাতা সূত্রে জানা গেছে, আসছে ৮ ফেব্রুয়ারি থেকে ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচই-তে ‘আয়নাবাজি’র স্ট্রিমিং হবে। হইচই বাংলাদেশ পেজ থেকেও এমন ঘোষণা দেয়া হয়েছে।

২০১৬ সালের সেপ্টেম্বরের ৩০ তারিখে মুক্তি পেয়েছিল ‘আয়নাবাজি’। মুক্তির পরেই দেশব্যাপী আলোড়ন ফেলে দেয় চঞ্চল চৌধুরী অভিনীত এই সিনেমাটি। শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে প্রদর্শিত হয়। হুমড়ি খেয়ে পড়ে দর্শক।

এতে শরাফত করিম আয়না চরিত্রে দুর্দান্ত ক্যারিশমায় মুগ্ধ করেছিলেন চঞ্চল চৌধুরী। এ কারণে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা হওয়ার পাশাপাশি ওই বছর ‘আয়নাবাজি’ বিভিন্ন ক্যাটাগরিতে আরো সাতটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

চঞ্চল ছাড়াও ‘আয়নাবাজি’-তে অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেন মাসুমা নাবিলা, পার্থ বড়ুয়া, লুৎফুর রহমান জর্জ, বৃন্দাবন দাশ, গাউসুল আলম শাওন, জামিল হোসেন প্রমুখ।

এর কাহিনি গাউসুল আলম শাওনের এবং যৌথভাবে চিত্রনাট্য করেছিলেন গাউসুল আলম শাওন এবং অনম বিশ্বাস।