Corporate Sangbad
জাতীয়

চাল মজুতদারদের মজুতের সমপরিমাণ জরিমানা করতে হবে : খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৪, ৩:৪৭ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, অবৈধভাবে চাল মজুতদারদের মজুতের সমপরিমাণ জরিমানা করতে হবে, অথবা জেলে দিতে হবে। নামমাত্র জরিমানা করে ছেড়ে দেয়া যাবে না। মজুতদাররা যে দলেরই হোক না কেনো, কোনো ছাড় দেয়া হবে না।

আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজশাহী বিভাগীয় প্রশাসনের আয়োজনে চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা শেষ তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, চাল মজুতদারদের নামমাত্র জরিমানা করে ছেড়ে দেওয়া যাবে না। তারা যে দলেরই হোক না কেন, যার আত্মীয়ই হোক।’

তিনি আরও বলেন, নির্বাচনের সুযোগ নিয়ে দাম বাড়িয়েছিল অসাধু কিছু ব্যবসায়ী। এরপর থেকে সারাদেশে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসন মাঠে নেমে কাজ করছে। এখনও সেই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং থাকবে। কেউ চালের দাম বাড়ালে সেটা বরদাশত করা হবে না।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ হুমায়ূন কবীর।

সভায় বিশেষ অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন, খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. শাখাওয়াত হোসেন কবীর। এসময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার মো. সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।