Corporate Sangbad
জাতীয়

সুষ্ঠু নির্বাচনের জন্য ৫ পরামর্শ মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষকদের

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৩, ১১:৩৭ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট সংবাদ ডেস্ক : অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে অর্থবহ সংলাপে বসার তাগিদ দিয়েছে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। চলতি মাসের ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত ঢাকা সফর করেছে এ প্রতিনিধি দলটি। যুক্তরাষ্ট্রে ফিরে তারা মোট ৫টি মতামত তুলে ধরেন।

রোববার (১৫ অক্টোবর) ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে পাঁচটি পরামর্শের কথা জানিয়েছে।

আসন্ন নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি চূড়ান্ত পরীক্ষা উল্লেখ করে আইআরই এবং এনডিআই জানায়, প্রতিনিধিদলটি বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে পারে এমন বিশ্বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং অহিংস নির্বাচনের দিকে অগ্রগতির জন্য একটি রোডম্যাপ হিসেবে পাঁচটি সুপারিশ করেছে।

মতামতের প্রথমেই সংলাপের আহবান করেছে তারা। একই সঙ্গে নির্বাচনের সময় মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে অনুরোধ করা হয়। সেই সঙ্গে নাগরিকের ভিন্ন মতকেও সম্মান জানাতে বলা হয়েছে।

প্রথমেই তারা বলেছে, সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ করতে হবে। এছাড়া তাদের দেওয়া পর্যবেক্ষণে বলা হয়েছে, নির্বাচনের সময় মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে হবে। অহিংসার প্রতিশ্রুতিবদ্ধ এবং রাজনৈতিক সহিংসতার অপরাধীদেরকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। সকল নাগরিকের ভিন্ন মতকেও সম্মান জানাতে বলা হয়েছে তাদের পর্যবেক্ষণে।

সবশেষে, সব দলকে অর্থবহ এবং সমান রাজনৈতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দিতে বলা হয়েছে, যেন তা স্বাধীন নির্বাচন পরিচালনাকে শক্তিশালী করে। দেশের নাগরিকেরা যেন অংশগ্রহণমূলক নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করে, সে বিষয়টি নিশ্চিত করতে পরামর্শ দেওয়া হয় তাদের পক্ষ থেকে।

এ সময় দেশের সব নাগরিক যেন অংশগ্রহণমূলক নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করে, সেটি নিশ্চিত করতে পরামর্শ দেয়া হয়। রাজনৈতিক সহিংসতাকারী অপরাধীদেরকে জবাবদিহির প্রতিও আহ্বান জানানো হয়েছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি সরেজমিনে যাচাই করতে গত ৭ অক্টোবর ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে প্রাক-নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করে। ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করেন তারা।

সফরকালে পর্যবেক্ষক দলের সদস্যরা সুশীল সমাজ, রাজনৈতিক দল, নাগরিক সংগঠন স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান ও বাংলাদেশে কাজ করা বিদেশি দূতাবাস ও বিভিন্ন হাইকমিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।