Corporate Sangbad
খেলাধুলা

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি তাবিথ আউয়াল

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৪, ৭:২১ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। তিনি সভাপতি পদে ১২৩টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ এফ এম মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন ৫ ভোট।

শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর একটি অভিজাত হোটেলে বাফুফের বার্ষিক সাধারণ সভার পর ভোটের লড়াইয়ে নিরঙ্কুশ জয় পান তাবিথ। দুপুর ২টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় সন্ধ্যা ৬টায়। আধঘণ্টার ভেতরেই সভাপতি পদে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদ।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৩৩ জন। তবে ভোটের দিন আসেন ১২৮ জন। নির্বাচনে দিনাজপুরের তৃণমূল সংগঠক আ ফ ম মিজানুর রহমান চৌধুরীকে বিপুল ভোটে হারান একাধারে ব্যবসায়ী, রাজনীতিক ও ক্রীড়া সংগঠক ব্যক্তিত্ব তাবিথ আউয়াল।

এর আগে, ২০১২ ও ২০১৬ সালে বাফুফের সহ-সভাপতি ছিলেন তাবিথ। ২০২০ সালের নির্বাচনে সহ-সভাপতি পদে মহি উদ্দিন মহির সঙ্গে ৬৫-৬৫ ভোটে ড্র হয়। এরপর পুনরায় ভোট হলে ৬৭-৬৩ ভোটে হেরে যান তাবিথ। চার বছর পর এবার বাফুফের সভাপতি পদে বসছেন তিনি।