নিজস্ব প্রতিবেদক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার পরীক্ষিত বন্ধু বাংলাদেশ। সমতা ও সম্মান এই বন্ধুত্বের ভিত্তি। রাশিয়া সবসময় বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান রুশ প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে ভ্লাদিমির পুতিন এ কথা বলেন।
রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, রাশিয়া শুধু বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে না, প্রকল্পের পুরো সময়কাল সব ধরনের কারিগরি সহযোগিতাও করে যাবে।
তিনি বলেন, আমি আশা করি, এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে সবসময় আমরা পাশে থাকব। বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অনেক গভীর। সামনের দিনগুলোতে এই সম্পর্কের আরও উন্নয়ন হবে।
রুশ প্রেসিডেন্ট আরো বলেন, রূপপুরের বিদ্যুৎ হবে সম্পূর্ণ পরিবেশবান্ধব। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের পুরো লাইফটাইমে বাংলাদেশকে প্রযুক্তিগতসহ সব সহায়তা দেবে রাশিয়া। ২০২৪ সালের প্ল্যান্টটির প্রথম ইউনিট এবং ২০২৬ সালেই উৎপাদনে আসবে দ্বিতীয় ইউনিট। সিডিউল অনুযায়ী শেষ হবে এর নির্মাণকাজ।
ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি আরও যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি।
এর আগে প্রকল্পের পরিচিতি তুলে ধরেন পরমাণুবিজ্ঞানী ও প্রকল্প পরিচালক ড. মো. শৌকত আকবর।
আরও পড়ুন: