Corporate Sangbad
বিনোদন

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যা বললেন জিৎ

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৪, ৪:১৭ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

বিনোদন ডেস্ক : প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বর্তমানে দিল্লিতেই রয়েছেন শেখ হাসিনা। সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে দেশ ছাড়েন তিনি। অন্তর্বতীকালীন সরকার গঠন করে আপাতত দেশ চালাবে সেনাবাহিনী, জানালেন সেনা প্রধান ওয়াকার উজ জামান। হঠাৎ করে বদলে যাওয়া বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এই বাংলার মানুষজনও।

বহু টলিউড তারকাই বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবার বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন টলিউড সুপারস্টার জিৎ।

দুই বাংলাতেই জিতের ফ্যানের সংখ্যা প্রচুর। গোটা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে জিতের ভক্ত। সোমবার (৫ আগস্ট) এক্সে হ্যান্ডেলে জিৎ লেখেন, ‘বাংলাদেশের এই কঠিন সময়ে আমার প্রার্থনা বাংলাদেশের মানুষদের জন্য। যে সমস্ত ঘটনা সামনে আসছে সেটা খুবই দুঃখজনক।এই ধরনের মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হওয়া হৃদয়বিদারক। আশা করি এই কঠিন সময় খুব তাড়াতাড়ি পেরিয়ে যাবো। প্রতিটা জীবনই মূল্যবান তাই যে কোনও মূল্যে সেটা রক্ষা হওয়া আবশ্যিক। শান্তি বজায় থাকুক।’

প্রসঙ্গত, সোমবার শেখ হাসিনার পদত্যাগের পর জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার আগে বাংলাদেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সেনা প্রধান ওয়াকার উজ জামান। বিএনপি, জাতীয় পার্টির মতো দলগুলো যোগ দিয়েছিল বৈঠকে, আওয়ামী লিগের কেউ ছিল না তা স্পষ্ট করেন সেনা প্রধান। আন্দোলনকারীদের থেকে সহযোগিতার আহ্বানও জানান সেনা প্রধান। সূত্র-জিনিউজ।