Corporate Sangbad
জাতীয়

২০ জেলায় ৬০ কি.মি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৩, ১১:১০ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট সংবাদ ডেস্ক : দেশের ২০টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এছাড়া কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ দেশের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।

সোমবার (৩ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, রংপুর, রাজশাহী, সিলেট, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, পাবনা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া আজ সোমবার বিকেল ৩টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবার্তায় আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দুই দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

গতকাল রোববার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায় এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস টাঙ্গাইলে। এদিন দেশে সর্বোচ্চ ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোনায়।