Corporate Sangbad
জাতীয়

কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২২ মে, ২০২৩, ৪:০৪ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : ‘তৃতীয় কাতার ইকোনমিক ফোরাম’ এ যোগ দিতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাতারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২২ মে) বিকেল ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি কাতারের উদ্দেশে যাত্রা করেন। ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

প্রধানমন্ত্রী কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে ‘তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরাম : নতুন বৈশ্বিক প্রবৃদ্ধির গল্প’ শীর্ষক ফোরামে যোগ দেবেন।

কিউইএফ হলো মধ্যপ্রাচ্যের শীর্ষস্থানীয় কণ্ঠস্বর যা বিশ্বব্যাপী ব্যবসা ও বিনিয়োগের জন্য নিবেদিত। এই ফোরামের মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী চলমান বহুমুখী চ্যালেঞ্জ ও সঙ্কট এবং এর ফলে উদ্ভূত বিরূপ অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সমাধান খুঁজে বের করা।

শেখ হাসিনা ২৩ মে তৃতীয় কিউইএফের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেবেন ও কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি এবং সৌদি আরবের বিনিয়োগমন্ত্রী খালিদ এ আল-ফালিহের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী ২৪ মে কিউইএফে যোগ দেবেন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির (আমিরি দিওয়ানে) সঙ্গে বৈঠক করবেন ও আওসাজ একাডেমি (একটি বিশেষ স্কুল) পরিদর্শন করবেন। শেখ হাসিনা আগামী ২৫ মে সকালে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

ব্লুমবার্গের সহায়তায় আয়োজিত এই ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, বিশিষ্ট অর্থনীতিবিদসহ প্রযুক্তি, অর্থ ও ব্যবসা খাতের বিশ্লেষকরা অংশ নেবেন।

আরও পড়ুন:

যুক্তরাষ্ট্র বলে-কয়ে কিছু করে না : পররাষ্ট্রমন্ত্রী

২৫ মে গাজীপুর সিটিতে সাধারণ ছুটি ঘোষণা

সৌদি আরবে পৌঁছেছেন ৮২৯ হজযাত্রী