Corporate Sangbad
অর্থ-বাণিজ্য

লিটারে ৩ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ৬:০৪ অপরাহ্ন ·

দেশের বাজারে ভোজ্যতেলের দাম আরেক দফা বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এবার লিটারপ্রতি ৩ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে ২০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে দেশে ভোজ্যতেলের বিদ্যমান মজুত পরিস্থিতি, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সামগ্রিক চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনের তথ্য এবং বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের মূল্য সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে মূল্য পুনঃসমন্বয় না হওয়ায় ভোজ্যতেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা ক্রমেই চ্যালেঞ্জিং হয়ে উঠছে।

আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজারদর ও বর্তমান আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য পুনঃসমন্বয়ের দাবি জানায় সংগঠনটি।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।