Corporate Sangbad
অর্থ-বাণিজ্য

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন ·

তৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, শ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরি চূড়ান্ত করা হয়।

বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, দীর্ঘ বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সর্বশেষ প্রস্তাবে ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের দাবি জানান। অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধিরা ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন।

তিনি বলেন, শেষ পর্যন্ত বোর্ডের ছয় সদস্যের ভোটে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়। এর মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি চূড়ান্ত হয়।

বৈঠক শেষে বোর্ডের চেয়ারম্যান আজাদ সুবহানী বলেন, সর্বনিন্ম গ্রেড চারের ক্ষেত্রে সকলে একমত হতে পারিনি বলে আমরা বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ অনুযায়ী বোর্ড চেয়ারম্যান হিসেবে গোপন ভোটের ব্যবস্থা করেছি। সর্বসম্মতি ক্রমে তিনটি গ্রেডের মধ্যে গ্রেড ১ এর নিন্মতম মজুরি নির্ধারণ করেছি ২১ হাজার ৫০০ টাকা। গ্রেড ২ এ সর্বসম্মতিতে ২০ হাজার টাকা, গ্রেড ৩ এ নির্ধারণ করেছি ১৯ হাজার ২০০ টাকা। সর্বনিন্ম গ্রেড গ্রেড ৪ এ সর্বসম্মতিতে আসতে না পারায় গোপন ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়। বোর্ডের চারটি ভোট পরে ১৭ হাজার টাকার পক্ষে। সেই হিসেবে বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ এর ১২৯ ধারা ১ অনুসারে উপস্থিত বোর্ড সদস্যদের উপস্থিতিতে গ্রেড ৪ এর নিন্মতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, পুরোনো বেতন কাঠামোর সঙ্গে নতুন মজুরি সমন্বয়ের ক্ষেত্রে ন্যূনতম ২ হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। যেসব শ্রমিক বর্তমানে নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পাচ্ছেন, তাদের ক্ষেত্রেও ন্যূনতম ২ হাজার টাকা সমন্বয় করা হবে। ফলে সব পর্যায়ের শ্রমিকরাই এর সুফল পাবেন। এ ছাড়া শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস শ্রমিকদের মজুরি ও বার্ষিক ইনক্রিমেন্টের বিষয়টি খসড়া সুপারিশ তৈরির সময় কারিগরি দিক বিবেচনা করে নির্ধারণ করা হবে।

বোর্ড চেয়ারম্যান জানান, দ্রুততম সময়ের মধ্যে খসড়া সুপারিশ চূড়ান্ত করে গেজেট প্রকাশের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। গেজেটে গ্রেডভিত্তিক মজুরি, বেতন সমন্বয় এবং কার্যকরের বিষয়গুলো স্পষ্ট করা থাকবে। এরপর কারখানাগুলোকে নতুন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পরিশোধ করতে হবে।

বোর্ডের সিদ্ধান্তে শ্রমিকপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বাবুল আখতার ও আনোয়ার হোসাইন। মালিকপক্ষের প্রতিনিধিত্ব করেন আসিফ আইয়ুব ও অধিত্রম সামছুদ্দিন। নিরপেক্ষ সদস্য ছিলেন ড. মোসলেহ উদ্দিন আহমদ। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

কোন গ্রেডে কত মজুরি

ন্যূনতম বা গ্রেড ৪-এ মজুরি ১৭ হাজার টাকা, গ্রেড ৩-এ মজুরি ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড ২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড ১-এ ২১ হাজার ৫০০ টাকা চূড়ান্ত করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এই মজুরি কাঠামো কার্যকর হবে।

জানা গেছে, চতুর্থ গ্রেডের হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্টদের ন্যূনতম মাসিক মজুরি হবে ১৭ হাজার টাকা। তৃতীয় গ্রেডের জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান ও সুইং সহকারীরা পাবেন ১৯ হাজার ২০০ টাকা।

দ্বিতীয় গ্রেডের সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটরদের মজুরি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। এ গ্রেডে থাকবেন বিশেষায়িত কাজে নিয়োজিত সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার ও সিনিয়র কাফ মেকাররাও। অন্যদিকে প্রথম গ্রেডের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার ও সিনিয়র ডাইং অপারেটরদের ন্যূনতম মজুরি হবে ২১ হাজার ৫০০ টাকা।

এর আগে গত সোমবার মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ প্রথম তাদের মজুরি প্রস্তাব জমা দেয়। শুরুতে তারা ১৫ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব করেছিল। পরে শ্রমিকপক্ষ সংশোধিত প্রস্তাবে ২৫ হাজার টাকা দাবি করে। তখন মালিকপক্ষ ১৫ হাজার ৫০০ টাকা দিতে রাজি হয়। পরে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা থেকে কমিয়ে ২২ হাজার টাকা দাবি করে আবার সংশোধিত প্রস্তাব জমা দেয়। সব শেষে মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব করে। এতে শ্রমিকপক্ষ সন্তুষ্ট হয়নি। ওই দিন রাত সাড়ে আটটায় কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।

৯ নভেম্বর বোর্ডের দিতীয় বৈঠকে শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি দাবি করে প্রস্তাব দিয়েছিল।

পোশাকশিল্প-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নব্বইয়ের দশকের শুরুতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকের নিম্নতম মজুরি ছিল ৬২৭ টাকা। ১৯৯৪ সালে সেই মজুরি ৪৮ শতাংশ বেড়ে ৯৩০ টাকা হয়। তারপর প্রায় ৩০ বছরে তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বেড়েছে ১১ হাজার ৫৭০ টাকা। 

সর্বশেষ ২০২৩ সালে নিম্নতম মজুরি বেড়েছিল ৫৬ শতাংশ। তখন ন্যূনতম মজুরি নির্ধারিত হয় সাড়ে ১২ হাজার টাকা।

উল্লেখ্য, বর্তমানে তৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩৬ শতাংশ বাড়বে।