তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ।অন্যদিকে শ্রমিক প্রতিনিধিরা আগের দেওয়া ২২ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাবে এখনও অনড় রয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে মজুরি বোর্ডের চতুর্থ সভা চলা অবস্থায় নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

গার্মেন্টস শিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের জমা দেওয়া লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা এবং এ শিল্পে নিয়োজিতদের ন্যূনতম মজুরি নির্ধারণে সুপারিশমালা প্রণয়নে এ আলোচনায় বসেছেন তারা। এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
বিকেলে আজাদ সুবহানী বলেন, নিম্নতম চতুর্থ গ্রেডে মালিক পক্ষ ১৫ হাজার টাকা প্রস্তাব ছিল। দ্বিতীয় প্রস্তাবে মালিক পক্ষ চতুর্থ গ্রেডে ১৫ হাজার ৫০০ টাকা বলেছিল। সব শেষ প্রস্তাব এসেছে চতুর্থ গ্রেডে নিন্মতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা।
শুরুতে প্রথম গ্রেডে শ্রমিকপক্ষের প্রথম প্রস্তাব ছিল ৪৮ হাজার টাকা। বিপরীতে মালিকপক্ষ প্রথম প্রস্তাব ছিল ১৭ হাজার ৮৫০ টাকা। দ্বিতীয় গ্রেডে শ্রমিকপক্ষের প্রথম প্রস্তাব ছিল ৪৩ হাজার টাকা, বিপরীতে মালিকপক্ষের প্রথম প্রস্তাব ছিল ১৬ হাজার ৯৫০ টাকা। তৃতীয় গ্রেডে শ্রমিকপক্ষের প্রথম প্রস্তাব ছিল ৩৮ হাজার টাকা। বিপরীতে মালিকপক্ষের প্রথম প্রস্তাব ছিল ১৬ হাজার ১১০ টাকা। চতুর্থ গ্রেডে শ্রমিকপক্ষের প্রথম প্রস্তাব ছিল ৩২ হাজার টাকা, বিপরীতে মালিকপক্ষের প্রথম প্রস্তাব ছিল ১৫ হাজার টাকা।
এরপর ফের আলোচনা ও বিতর্কের পর শ্রমিকপক্ষ দ্বিতীয়বার প্রস্তাব করে। সেখানে টাকার অংক কমিয়ে প্রথম গ্রেডে শ্রমিকপক্ষের দ্বিতীয় প্রস্তাব ছিল ৪০ হাজার টাকা, বিপরীতে মালিকপক্ষের দ্বিতীয় প্রস্তাব ছিল ১৮ হাজার ১৫০ টাকা। দ্বিতীয় গ্রেডে শ্রমিকপক্ষের দ্বিতীয় প্রস্তাব ছিল ৩৫ হাজার টাকা, বিপরীতে মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৭ হাজার ২৫০ টাকা। তৃতীয় গ্রেডে শ্রমিকপক্ষের দ্বিতীয় প্রস্তাব ছিল ৩০ হাজার টাকা। বিপরীতে মালিকপক্ষের দ্বিতীয় প্রস্তাব ছিল ১৬ হাজার ৬৫০ টাকা। চতুর্থ গ্রেডে শ্রমিকপক্ষের দ্বিতীয় প্রস্তাব ছিল ২৫ হাজার টাকা, বিপরীতে মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৫ হাজার ৫০০ টাকা।
আজ মঙ্গলবার সর্বশেষ ও তৃতীয় প্রস্তাবে শ্রমিকপক্ষ প্রথম গ্রেডের জন্য ৩৫ হাজার টাকা প্রস্তাব করে। বিপরীতে মালিকপক্ষ প্রস্তাব দেয় ১৮ হাজার ৮২৮ টাকা। দ্বিতীয় গ্রেডে শ্রমিকপক্ষ তৃতীয় প্রস্তাব দেয় ৩০ হাজার টাকা, বিপরীতে মালিকপক্ষ প্রস্তাব দেয় ১৭ হাজার ৮৮৭ টাকা। তৃতীয় গ্রেডে শ্রমিকপক্ষ তৃতীয় প্রস্তাব দেয় ২৭ হাজার টাকা, বিপরীতে শ্রমিকপক্ষ প্রস্তাব দেয় ১৬ হাজার ৯৯৬ টাকা। চতুর্থ গ্রেডে শ্রমিকপক্ষ তৃতীয় প্রস্তাব দেয় ২২ হাজার টাকা, বিপরীতে মালিকপক্ষ প্রস্তাব দেয় ১৫ হাজার ৭০০ টাকা।
নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী আরও জানান, এটি চূড়ান্ত নয়। চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার জন্য আলোচনা চলছে। আশা করছি, আজকের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারব।
উল্লেখ্য, ১ নভেম্বর সরকার তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মালিক ও শ্রমিকপক্ষকে তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।