নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, গার্মেন্টস খাতে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে। এসময় আগামী এক বছরের মধ্যে মালিক ও শ্রমিকদের একই পরিবেশে দেখতে চান বলে মন্তব্য করেন।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত ‘২য় আন্তর্জাতিক পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা গবেষণা কনফারেন্স ২০২৬’-এ এসব কথা বলেন তিনি।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে সহযোগিতা করেছে ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন ও কানাডা।
সম্মেলনে শ্রমমন্ত্রী বলেন, ‘আজকের এই সম্মেলন গবেষক, নীতিনির্ধারক, মালিক ও শ্রমিকদের একসঙ্গে কাজ করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, পেশাগত রোগ,রাসায়নিক পদার্থের প্রভাব এবং নারী ও তরুণ শ্রমিকদের নিরাপত্তার মতো বিষয়গুলো নিয়ে গবেষণা অত্যন্ত জরুরি।’
এসব গবেষণার ফলাফল দেশের নীতিমালা প্রণয়ন, ডাইফের পরিদর্শন কার্যক্রম এবং নশট্রির প্রশিক্ষণ কর্মসূচিকে আরও কার্যকর করতে সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রমমন্ত্রী পাঁচটি বিশেষ বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। এর মধ্যে রয়েছে- গবেষণা ও সঠিক তথ্যের ভিত্তিতে শ্রমনীতি তৈরি ও পরিদর্শন কার্যক্রম জোরদার করা, ডাইফ ও নশট্রির প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বৃদ্ধি, নারী, তরুণ ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, পেশাগত দুর্ঘটনা ও রোগ প্রতিরোধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং সরকার, মালিক, শ্রমিক, গবেষক ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী করা।
এ সময় তিনি গবেষক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বাস্তবমুখী গবেষণা পরিচালনার আহ্বান জানান এবং বাংলাদেশে নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন, কানাডাসহ সকল উন্নয়ন সহযোগী, গবেষক, মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন-পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থান সচিব মোঃ আব্দুর রহমান তরফদার, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, আইএলও কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, বাংলাদেশ এম্প্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আবদুর রহিম খান, শ্রমিক দলের নেতা আনোয়ার হোসাইনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।