Corporate Sangbad
রাজনীতি

আওয়ামী লীগ ১৭ বছরে যে উন্নয়ন করতে পারেনি, পাঁচ বছরে করব: এমপি আলীম

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ৫:১৩ অপরাহ্ন · সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ১৭ বছরে রাজাপুরে যে উন্নয়ন করতে পারেনি, বিএনপি সরকার পাঁচ বছরে তা করে দেখাবে।

শনিবার (২১ নভেম্বর) সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কলেজের চারতলাবিশিষ্ট নির্মাণাধীন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিরুল ইসলাম খাঁন আলীম বলেন, বিগত ১৭ বছরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাতের ভোটে নির্বাচিত হয়েছে। জনগণের ভোটে তারা কখনো নির্বাচিত হয়নি। অন্যদিকে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে এবং জনগণ ভালোবেসে বিপুল ভোটে তাদের বিজয়ী করেছে।

তিনি বলেন, জনগণের চাহিদা তাদের কাছে সবার আগে। মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে বিএনপি সরকারের প্রধান তারেক রহমানের নেতৃত্বে ব্যাপক উন্নয়নকাজ করা হচ্ছে।

এমপি আলীম আরও বলেন, ৫ আগস্টের পর থেকে তারা জনগণের জানমালের নিরাপত্তা দিয়ে আসছেন। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার জন্য জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেন তিনি।

এ ধরনের রাজনীতিতে কোনো লাভ হবে না উল্লেখ করে তিনি বলেন, জনগণ তাদের সঙ্গে আছে। জনগণকে সঙ্গে নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি প্রতিহত করা হবে।

অনুষ্ঠানে রাজাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহীন বাদশার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সদস্যসচিব বনি আমিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।