Corporate Sangbad
আন্তর্জাতিক

মিয়ানমারে ‘রোহিঙ্গা গণহত্যা’র প্রমাণ পেয়েছে হেগের আন্তর্জাতিক আদালত

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ৬:০৯ অপরাহ্ন ·

২০১৭ সালে মুসলিম সংখ্যালঘুদের ওপর নৃশংস দমন-পীড়নের সময় মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গা নাগরিককে হত্যা করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে আইসিজে এ মামলার রায় ঘোষণা করেন। ঐতিহাসিক এ রায়ে আদালত বলেছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ব্যাপক সহিংসতা চালিয়েছে। 

জাতিসংঘের শীর্ষ এই আদালত বলেছেন, মিয়ানমারের সৈন্যরা রোহিঙ্গাদের হত্যা ও ধর্ষণ করেছে, শিশুদের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছে এবং রোহিঙ্গাদের গ্রাম ও বাসস্থান ধ্বংস করেছে।

আইসিজের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি বলেন, সাক্ষ্য-প্রমাণ থেকে এটি প্রতিষ্ঠিত হয়েছে, নির্দিষ্ট কিছু স্থানে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নির্বিচার হত্যাকাণ্ড, পুরুষদের আলাদা করে মৃত্যুদণ্ড কার্যকর করা, যৌন সহিংসতা এবং ইচ্ছাকৃতভাবে রোহিঙ্গাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনায় জড়িত ছিল।

বিচারক রায়ে আরও বলেন, আদালত প্রমাণ পেয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে, ব্যাপকভাবে যৌন সহিংসতা চালিয়েছে, সেইসঙ্গে শিশুদের ওপর চরম নৃশংসতা চালিয়েছে এবং ব্যাপক সংখ্যক রোহিঙ্গা যখন বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন তাদের ওপরও হামলা চালিয়েছে।

রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি ঐতিহাসিকভাবে চলে আসা মিয়ানমার সরকারে আচরণ সম্পর্কে বিচারক ইউজি বলেন, আদালত দেখতে পেয়েছে যে, বৈষম্যমূলক আইন ও বিধিনিষেধগুলো ক্রমান্বয়ে তাদের অধিকারকে ক্ষুণ্ণ করেছে এবং তাদের প্রান্তিক করে অত্যন্ত অরক্ষিত অবস্থার দিকে ঠেলে দিয়েছে। একই সঙ্গে সামরিক বাহিনী-সমর্থিত বিদ্বেষমূলক বক্তব্য তাদের বিরুদ্ধে শত্রুতাকে উসকে দিয়েছে।

রায় পড়ে শোনানোর সময় রোহিঙ্গাদেরকে একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবেও স্বীকৃতি দেন বিচারক ইয়াসাওয়া ইয়ুজি।রায়ে তিনি উল্লেখ করেন, রোহিঙ্গাদের নিজস্ব ভাষা ও শিল্পকলা রয়েছে এবং তারা নিজেদের স্বতন্ত্র পরিচয়ে চিহ্নিত করে।

কিছু সাক্ষ্য-প্রমাণের কথা উল্লেখ করে তিনি বলেন, মিয়ানমার কয়েক দশক ধরে তাদের প্রতি বৈষম্য করে আসছে এবং তারা একটি সুরক্ষিত গোষ্ঠী হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য।

একইসঙ্গে, রাখাইনে মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনীর দমন-পীড়নে প্রায় দশ হাজার মানুষ নিহত হয়েছেন উল্লেখ করে বিচারক ইউজি বলেন, আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণ অনুযায়ী আন্তর্জাতিক বিচার আদালত(আইসিজে) এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, ২০১৭ সালের ক্লিয়ারেন্স অপারেশন বা শুদ্ধি অভিযানের সময় প্রায় দশ হাজার রোহিঙ্গাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল।

সীমান্তের ওপারে বাংলাদেশে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে বসবাসরত ১০ লাখেরও বেশি রোহিঙ্গার জন্য এই ঐতিহাসিক রায় জবাবদিহিতার এক ক্ষীণ আশার আলো জাগিয়েছে।

পরিবারের সাথে গাদাগাদি করে থাকা আশ্রয়কেন্দ্রে ২৩ বছর বয়সী ধর্ষণের শিকার এক নারী রোহিঙ্গা বলেন, ‘আমি ন্যায়বিচার চাই।’ নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘যারা নারীদের ধর্ষণ করেছে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। এ বিষয়ে আইসিজের আলাদাভাবে কিছু বলা উচিত।’

সহিংসতা থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা গণধর্ষণ, গণহত্যা এবং পরিবার ও শিশুদের প্রতি নির্মমতার লোমহর্ষক সব কাহিনী নিয়ে এসেছেন।

শরণার্থী শিবিরের দুর্দশাগ্রস্ত পরিবেশ থেকে অনেক দূরে বসে ১৫ জন বিচারপতির একটি প্যানেল গত সাত বছর ধরে পর্যালোচনা করছেন যে, মিয়ানমারের কর্মকাণ্ড গণহত্যার সংজ্ঞায় পড়ে কি না।

১৯৪৮ সালের জাতিসংঘ গণহত্যা কনভেনশনের অধীনে গাম্বিয়া এই মামলাটি দায়ের করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত এই আন্তর্জাতিক চুক্তি কোনো রাষ্ট্র লঙ্ঘন করেছে বলে সন্দেহ হলে যেকোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করার সুযোগ পায়।

আইসিজের নিজস্ব সিদ্ধান্ত কার্যকর করার কোনো সরাসরি ক্ষমতা না থাকলেও, মিয়ানমার গণহত্যা চালিয়েছে—এমন রায় দেশটির নেতা মিন অং হ্লাইংয়ের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে দেবে। ২০২১ সালের অভ্যুত্থানে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করার আগে রোহিঙ্গা দমন-পীড়নের সময় তিনি সামরিক বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন।

চলতি বছর অত্যন্ত সীমিত ও নিয়ন্ত্রিত নির্বাচনের পর মিন অং হ্লাইং বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে অধিষ্ঠিত হয়েছেন এবং বৈধতা আদায়ের জন্য কূটনৈতিক প্রচারাভিযান চালাচ্ছেন, যা এই রায়ের ফলে জটিল হয়ে উঠতে পারে।

মিয়ানমার সবসময়ই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের যুক্তি, একের পর এক হামলায় এক ডজন নিরাপত্তা কর্মী নিহত হওয়ার পর বিদ্রোহীদের সামরিক অভ্যুত্থান দমনেই তারা এই অভিযান চালিয়েছিল।

গত জানুয়ারিতে মামলার শুনানিতে মিয়ানমারের প্রতিনিধি কো কো হ্লাইং বিচারকদের বলেছিলেন, মিয়ানমার হাত গুটিয়ে বসে থাকতে এবং সন্ত্রাসীদের অবাধ বিচরণের সুযোগ দিতে বাধ্য ছিল না।

‘ধ্বংসের লক্ষ্যবস্তু’

গাম্বিয়ার বিচারমন্ত্রী দাউদা জালো বলেন, বহু বছর ধরে অমানবিক আচরণ ও নিপীড়নের শিকার একটি অরক্ষিত জনগোষ্ঠীর ওপর চালানো কল্পনাতীত নৃশংস ও বর্বর সহিংসতার বিশ্বাসযোগ্য প্রতিবেদনগুলো পর্যালোচনা করার পর গাম্বিয়া এই মামলা দায়ের করেছে।

মন্ত্রী দাউদা জালো জানান, আইসিজেতে গাম্বিয়ার এই প্রচেষ্টার পেছনে ৫৭ সদস্যবিশিষ্ট অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর পূর্ণ সমর্থন ও সহযোগিতা রয়েছে।

দাউদা জালো আরও বলেন, ‘এটি আন্তর্জাতিক আইনের কোনো দুর্বোধ্য বিষয় নয়, এটি বাস্তব মানুষ, বাস্তব গল্প এবং একদল জীবন্ত মানুষের অস্তিত্বের বিষয়।

‘রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার লক্ষ্যবস্তু বানানো হয়েছে’

আইসিজে এর আগে মাত্র একবারই গণহত্যা সংঘটিত হওয়ার রায় দিয়েছিল, যা ছিল ১৯৯৫ সালে বসনিয়ার স্রেব্রেনিৎসা গণহত্যা।

আন্তর্জাতিক আইনে গণহত্যা প্রমাণ করা অত্যন্ত কঠিন, কারণ কনভেনশন অনুযায়ী কোনো জাতীয়, নৃতাত্ত্বিক, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য প্রমাণ করতে হয়।

শুনানিতে গাম্বিয়া যুক্তি দেয় যে, অভিযানের সুসংগঠিত প্রকৃতি ও বাস্তবায়ন, এর চরম বর্বরতা, ব্যাপক যৌন সহিংসতা এবং শিশুদের লক্ষ্যবস্তু বানানোর মধ্য থেকেই গণহত্যার উদ্দেশ্য স্পষ্ট হয়ে ওঠে।

আইন বিশেষজ্ঞরা মামলাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন; কারণ এর মাধ্যমে আভাস পাওয়া যাবে যে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা চালিয়েছে বলে দক্ষিণ আফ্রিকা যে আরেকটি গুরুত্বপূর্ণ মামলা দায়ের করেছে, আইসিজে সেটি কীভাবে পরিচালনা করবে।

হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলায় আদালত কীভাবে তার বর্তমান আইনশাস্ত্র প্রয়োগ ও ব্যাখ্যা করেন, তা অনুরূপ অভিযোগের ক্ষেত্রে চলমান এবং ভবিষ্যতের বিচারিক প্রক্রিয়াগুলোকে প্রভাবিত করবে।

সহিংসতা থেকে বেঁচে ফেরা ২০ বছর বয়সী মোহাম্মদ ওসমান বলেন, তিনি আশা করছেন এই রায় তাকে দেশে ফিরে যাওয়ার এবং মিয়ানমার সেনাবাহিনীর হাতে নিহত তার বাবা-মা ও ছোট ভাইয়ের শেষকৃত্য সম্পন্ন করার সুযোগ করে দেবে।

ওসমান বলেন, ‘তারা আমার বাবাকে গুলি করে হত্যা করে, আমার মাকে আরও কয়েকজন নারীর সাথে একটি ঘরের ভেতর জোর করে ঢুকিয়ে ধর্ষণ করে এবং আমাদের ভিটেমাটি পুড়িয়ে দেয়।’