Corporate Sangbad
সারাদেশ

ময়মনসিংহে বিএনপি ও আ'লীগের সাবেক দুই এমপির বাড়িতে অগ্নিসংযোগ, চার উপজেলায় ও ট্রেনে নাশকতা

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ৪:৪২ অপরাহ্ন · ময়মনসিংহ ব্যুরো

এবার ময়মনসিংহের ফুলপুর-তারাকান্দা আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল বাশার আকন্দের বাড়িতে বোমা নিক্ষেপ, পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা ও ঈশ্বরগঞ্জ আসনের আ'লীগের (নিষিদ্ধ ঘোষিত) সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনের বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। সেইসঙ্গে চার উপজেলায় একটি ইউনিয়ন পরিষদ কার্যালয়, ট্রেনের বগি সহ বিভিন্ন জায়গায়ও নাশকতার ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে ঈশ্বরগঞ্জ, ফুলপুর, ফুলবাড়িয়া, ভালুকা ও গৌরীপুর উপজেলার বিসকা রেলওয়ে স্টেশন এলাকায় জারিয়া লোকাল ট্রেনের একটি বগিতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। আগুনে ট্রেনের দুটি সিট পুড়ে গেলেও কোনও যাত্রী হতাহত হননি। তবে কোনো ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতে ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনের বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। অন্যদিকে, একই রাতে ফুলপুর উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট আবুল বাশার আকন্দের বাড়িতেও হামলা চালানো হয়। এ সময় দুর্বৃত্তরা বাড়িটিতে পেট্রোল বোমা নিক্ষেপ ও পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে।

একই রাতে ফুলবাড়িয়া উপজেলার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঢুকে চেয়ারম্যানের কক্ষে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এছাড়া ভালুকা উপজেলায় জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তফা কামালের একটি ব্যক্তিগত গাড়ি ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে ভালুকা উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ‘মীর এক্সপ্রেস’ নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। স্কয়ার ফ্যাশন সংলগ্ন সড়কে দাঁড়িয়ে থাকা বাসটির ভেতরে সে সময় একজন কর্মী ঘুমিয়ে থাকলেও তিনি অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় ভোর ৪টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, আগুনে বাসটির ভেতরের আসন ও জানালার কাঁচ পুড়ে গেলেও ইঞ্জিন অক্ষত রয়েছে। প্রাথমিক হিসাবে এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে বাসের মালিক গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার বাসিন্দা মো. শফিকুল ইসলাম দাবি করেন, আগুনে তার পুরো বাসটিই ভস্মীভূত হয়েছে।

তিনি জানান, ছয় মাস আগে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বাসটি কিনেছিলেন। গাড়ির মেরামতসহ তার প্রায় ২১ লাখ টাকার ঋণ রয়েছে। এই অগ্নিকাণ্ডে চরম আর্থিক সংকটে পড়েছেন তিনি।

অপরদিকে,ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিসকা রেলওয়ে স্টেশন এলাকায় জারিয়া চলন্ত লোকাল ট্রেনের একটি বগিতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। আগুনে ট্রেনের দুটি সিট পুড়ে গেলেও কোনও যাত্রী হতাহত হননি। তবে এসব ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

জানাযায়,বুধবার রাত ১১টা ৫৩ মিনিটে জারিয়া থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনটি গৌরীপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। সেখানে দু’মিনিটের বিরতির পর রাত ১১টা ৫৫ মিনিটে ট্রেনটি বিসকা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। রাত ১২টা ১৫ মিনিট নাগাদ বিসকা স্টেশন পার হওয়ার পরই ট্রেনের একটি বগিতে আগুন লাগানো হয়।এতে ১৮৯৬ নম্বর বগির দুটি সিট আগুন দেখতে পেয়েই দ্রুত ব্যবস্থা নেন ট্রেনের গার্ড ও নিরাপত্তাকর্মীরা। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ১৮৯৬ নম্বর বগির ২৬ ও ৭৭ নম্বর দুটি সিট পুড়ে যায়। বড় কোনও ক্ষয়ক্ষতির পাশাপাশি যাত্রীদেরও কোনও ক্ষতি হয়নি।

গৌরীপুর জংশনের স্টেশন মাস্টার আতাউর রহমান জানান, রাতের ট্রেনে যাত্রীসংখ্যা তুলনামূলক কম ছিল। তাঁর প্রাথমিক ধারণা, নাশকতার উদ্দেশ্যেই ট্রেনে আগুন লাগানো হয়েছে।

এ ঘটনার পর গৌরীপুর রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, বিসকা স্টেশনে যাত্রাবিরতির পর ট্রেনটি শম্ভুগঞ্জের দিকে রওনা দিয়েছিল। তার পরপরই একটি বগিতে আগুনের ঘটনা ঘটে। পরে ট্রেনের গার্ড ও নিরাপত্তাকর্মীরা আগুন নেভান। তিনি আরও জানিয়েছেন ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। কীভাবে আগুন লাগানো হল এবং কারা এর পিছনে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি।